আকস্মিক বন্যায় অচল জাকার্তা
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বৃহৎ অংশ ভারী মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় তলিয়ে গেছে।
এ কারণে বৃহস্পতিবার অনেক সরকারি কার্যালয় এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। কেননা, কর্মকর্তা ও কর্মচারীরা বাড়ি থেকেই বের হতে পারেনি।
আবহাওয়া কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী কয়েকদিনে পরিস্থিতি আরো বাজে দিকে মোড় নিতে পারে।
দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, চলতি সপ্তায় মুষলধারে বৃষ্টিপাতের কারণে জাকার্তার হাজার হাজার মানুষ ও সেখানকার স্যাটেলাইট শহরগুলোর বাসিন্দারা তাদের বাড়ি-ঘর ছাড়তে বাধ্য হয়েছে।
আবহাওয়া বিয়ষক সংস্থার কর্মকর্তা সুপ্রিয় বলেছেন, “আগামী দুই থেকে তিন দিনে এশিয়ায় মৌসুমী বায়ু প্রবাহের কর্মকাণ্ড বৃদ্ধির ফলে দক্ষিণ সুমাত্রা ও জাভায় বৃষ্টিপাত বাড়িয়ে তুলতে পারে।”
বুধবার রাতভর জাকার্তায় ১শ’ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। জাকর্তার কেন্দ্রীয় অঞ্চলের রাস্তা যেখানে দিনের কাজের সময়টুকুতে যান-বাহনের জ্যাম লেগে যায়, সেসব রাস্তা পানিতে তলিয়ে গেছে।
শহরটির মূল বিমানবন্দর যদিও চালু রয়েছে, কিন্তু সেখানে যাওয়ার অনেক রাস্তাই পানির কারণে বন্ধ হয়ে গেছে।
তবে প্রেসিডেন্টের প্রাসাদ, অর্থ ও কৃষি মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক খোলা রয়েছে বলে সরকারের মুখপাত্ররা জানিয়েছেন।
অবশ্য, বিদ্যুৎ সরবরাহের লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কর্তৃপক্ষ বাণিজ্য মন্ত্রণালয় বন্ধ রাখতে বাধ্য হয়েছে বলে জানা গেছে।
