২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে থাকবে ফরাসি বাহিনী

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত সেখানে সেনা মোতায়েন রাখার অঙ্গীকার করেছে ফ্রান্স। এতে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত মালির জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্সের দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার আরব আল আমিরাত সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ এ অঙ্গীকার করেন।

দুবাইতে এক সংবাদ সম্মেলনে ওলান্দ বলেন, “আমাদের একটাই লক্ষ্য। যখন আমরা চলে আসব, যখন আমাদের হস্তক্ষেপ শেষ হবে, মালি নিরাপদ হবে, নির্বাচিত বৈধ কর্তৃপক্ষ মালি শাসন করবে আর সেখানে রাষ্ট্রের ওপর হুমকি সৃষ্টি করার মতো কোনো সন্ত্রাসীও থাকবে না।”

মালিতে আফ্রিকার দেশগুলোর নেতৃত্বে পরিচালিত জঙ্গিবিরোধী অভিযানে উপসাগরীয় দেশগুলোর আর্থিক সমর্থন পেতে সেখানে গেছেন ফরাসি প্রেসিডেন্ট।

এদিকে গত পাঁচদিন ধরে মালির জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্সের বিমান হামলা সত্বেও দেশটির উত্তরাঞ্চলের দখল ধরে রেখেছে জঙ্গিরা।

মালির উত্তরাঞ্চল ইউরোপ ও মালির প্রতিবেশী আফ্রিকার দেশগুলোতে সন্ত্রাসী হামলা চালানোর ঘাঁটি হয়ে উঠতে পারে বলে শঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার রাষ্ট্রগুলো।

গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত জঙ্গি নিয়ন্ত্রিত মালির উত্তরাঞ্চলে ৫০ বার বোমা হামলা চালিয়েছে ফরাসি বিমানগুলো। মালিতে প্রায় সাড়ে ৭শ’ সেনাও মোতায়েন করেছে ফ্রান্স।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জ্য যেভেস লে দারিন বলেছেন, ফরাসি বিমান হামলার সমর্থন সত্বেও মালির সেনাবাহিনী মধ্যাঞ্চলীয় শহর কোন্না বা দিয়াবালি থেকে জঙ্গিদের হটাতে পারেনি।

দিয়াবালি শহরটি মালির রাজধানী বামাকো থেকে মাত্র ৩৫০ কিলোমিটার উত্তরপূর্বে।

মঙ্গলবার একটি ফরাসি সাঁজোয়া বহর প্রথম স্থলাভিযানে বামাকো থেকে জঙ্গি অধিকৃত উত্তরাঞ্চলের দিকে রওনা হয়েছে। তবে অভিযান সম্পর্কে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এক ফরাসি সেনাকর্মকর্তা।

মালির জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানে নেতৃত্ব দেওয়ার জন্য কয়েক হাজার পশ্চিম আফ্রিকান সেনার একটি বহর বর্তমানে মালির পথে রয়েছে।

পশ্চিম আফ্রিকান সেনাদল ও মালির সেনাবাহিনীকে সহায়তা করার জন্য দেশটিতে আড়াই হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ফ্রান্স।