২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জারদারির পদত্যাগ চাইলেন ইমরান

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পদত্যাগ দাবি করেছেন ইমরান খান। দেশটিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করতে এই দাবি জানালেন তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 16 Jan 2013, 06:56 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

সাবেক ক্রিকেটার ইমরানের নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্বকাপ জয় করে। পরবর্তী সময়ে তিনি তেহরিক-ই-ইনসাফ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন।
যদিও পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের কোনো আসন নেই কিন্তু চলতি বছরের মে মাসের মাঝামাঝিতে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে রাজনৈতিক কিছু সংস্কারের দাবিতে তিনি আন্দোলন জোরদার করতে চাইছেন বলে দ্য ডন সংবাদমাধ্যম জানিয়েছে।
লাহোরে এক সংবাদ সম্মেলনে দেওয়া বিবৃতিতে ইমরান বলেন, “প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দ্রুত পদত্যাগ করা উচিৎ। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন না, কেননা তিনি দুটি কার্যালয়ের দায়িত্বে রয়েছেন।”
দুটি কার্যালয় বলতে ইমরান রাষ্ট্রপ্রধান ও ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির প্রধানের পদের দিকে ইঙ্গিত করেছেন।
ইমরানের এই আহ্বান এমন সময় আসলো যখন দেশটির সর্বোচ্চ আদালত দুর্নীতির অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে।
তিনি আরো বলেন, ‘সরকারের উচিৎ দ্রুত নতুন নির্বাচন ও তার তারিখ ঘোষণা করা। আর অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না হলে কোনো পরিবর্তনই সম্ভবপর হবে না।’
তবে ইমরান খান বিচারবিভাগীয় অথবা সেনাসমর্থিত বা হস্তক্ষেপের তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন দেওয়ার ব্যাপারে কোনো আহ্বান জানাননি।তিনি সমঝোতার ভিত্তিতে নিরপেক্ষ ব্যক্তির সমন্বয়ে গঠিত সরকার গঠন করা উচিৎ বলে মন্তব্য করেছেন।