সিরিয়ার বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, নিহত ৮৩
সিরিয়ার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান আলেপ্পো বিশ্ববিদ্যালয়ে দুটি বিস্ফোরণে ৮৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক ডজন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার প্রথম দিনে ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে।
বাইশ মাস আগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ এখন গহযু্দ্ধে রূপ নিয়েছে। এতে সিরিয়ার বেসামরিক মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে, প্রায়ই ভয়াবহ রক্তক্ষয়ী হামলার শিকার হচ্ছে তারা।
সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোয় বাশার সরকার নিয়ন্ত্রিত একটি এলাকায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান। বিস্ফোরণের জন্য সরকার ও বিদ্রোহীরা এক অপরকে দায়ী করেছে।
আলেপ্পোর কিছু সরকারবিরোধী আন্দোলনকারী বিস্ফোরণের জন্য সরকারী বাহিনীর হামলাকে দায়ী করেছেন।
অপরদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে বিস্ফোরণের জন্য “সন্ত্রাসীদের” দায়ী করে বলা হয়েছে, তাদের ছোঁড়া দুটি রকেট বিশ্ববিদ্যালয়টিতে বিস্ফোরিত হয়েছে।
সরকারনিয়ন্ত্রিত এলাকায় আসাদ বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহীরা গাড়িবোমা ও আত্মঘাতী হামলা চালিয়ে আসছে।
“ভূমি থেকে ভূমিতে” নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রই এই বিস্ফোরণের কারণ বলে দাবী করেছেন এক বিদ্রোহী যোদ্ধা।
এক বিবৃতিতে বিস্ফোরণে ৮৩ জন নিহত ও কয়েক ডজন আহত হওয়ার কথা জানিয়েছে হিউম্যান রাইটস অবজারভেটরি। কিন্তু সংস্থাটি বিস্ফোরণের কারণ সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি।
“আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক,” চিকিৎসক ও ছাত্রদের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানিয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে রাস্তায় একটি মৃতদেহ পরে আছে এবং কয়েকটি গাড়ি পুড়ছে, বিশ্ববিদ্যালয়ের একটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রথম বিস্ফোরণের পর ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে বইপত্র সরিয়ে নিচ্ছে, উদগিরিত ধোঁয়া এড়াতে দ্রুত হাঁটছিলেন তারা। এ সময় আরেকটি বিস্ফোরণে পুরো দৃশ্যপটটি ঝাঁকুনি খেয়ে ওঠে, লোকজন ছোটাছুটি শুরু করে।
গাড়ি পোড়ার ফলে দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে বলে ধারণা করছে মানবাধিকার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
২২ মাস ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
