শ্যাভেজের মৃত্যু হলে নির্বাচনের পক্ষে ব্রাজিল
ভেনিজুয়েলার ক্যান্সার আক্রান্ত প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ মারা গেলে যত দ্রুত সম্ভব প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য দেশটির সরকারকে তাড়া দিয়েছে প্রতিবেশী ব্রাজিল।
সোমবার পরিচয় গোপন রাখার শর্তে এ খবর জানিয়েছেন ব্রাজিলের কয়েকজন কর্মকর্তা।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল আধুনিক বিশ্বের অন্যতম উদীয়মান শক্তি। হুগো শ্যাভেজের মৃত্যু হলে প্রতিবেশী দেশটির আভ্যন্তরীণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করতে পারে এই আশঙ্কায় ভেনিজুয়েলাকে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের তাড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।
ব্রাজিলের কর্মকর্তারা ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কাছে খোলাখুলিভাবে ব্রাজিলের মনোভাব তুলে ধরেছেন বলেও জানিয়েছেন তারা।
মাদুরোকে নিজের উত্তরাধিকারী মনোনিত করেছেন শ্যাভেজ। ক্যান্সারের কাছে পরাজিত হলে শ্যাভেজ পরবর্তী ভেনিজুয়েলার বামপন্থীদের নেতা হবেন মাদুরো।
এক ব্রাজিলীয় কর্মকর্তা বলেছেন, “আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি, যদি শ্যাভেজ মারা যান যত দ্রুত সম্ভব নির্বাচন চাই আমরা। আমরা মনে করি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের এটাই সবচেয়ে সেরা পথ, আর ব্রাজিল এটাই চায়।”
কিউবায় ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন শ্যাভেজ। গত মাসে ক্যান্সারের অস্ত্রোপচারের পর গুরুতর ফুসফুস সংক্রমণে আক্রান্ত হন তিনি। গত একমাস ধরে তাকে গণমাধ্যমেও দেখা যায়নি। এতে শ্যাভেজের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং যে কোন সময় তার মৃত্যু হতে পারে বলে ধারণা ছড়িয়ে পড়েছে।
ভেনিজুয়েলার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পরবর্তী ৩০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা আছে।
কিউবায় যাওয়ার আগে, তিনি আর ফিরে না আসলে মাদুরোকে সমর্থন দেওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন শ্যাভেজ। এখন চলতি পরিস্থিতিতে শ্যাভেজ শিবির ও বিরোধীদলগুলোও আড়ালে নির্বাচন প্রস্তুতি শুরু করে দিয়েছে ভেনিজুয়েলা থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে।
তবে শ্যাভেজ বিরোধী শিবিরের কেউ কেউ আশঙ্কা করছেন নির্বাচনের হারার সম্ভবনা সৃষ্টি হলে ক্ষমতা কুক্ষিগত করতে পারে মাদুরো সরকার। গত সপ্তাহে সর্বোচ্চ আদালত শ্যাভেজের শপথ অনুষ্ঠান পেছানোর রায় দেওয়ার তাদের আশঙ্কা আরো জোরালো হয়েছে।
এ রকম কিছু হলে ভেনিজুয়েলার বিরোধীদলগুলোর সমর্থনে যুক্তরাষ্ট্রের এগিয়ে আসার সম্ভবনা আছে। এ সম্ভবনা নিয়ে উদ্বিগ্ন শ্যাজেভ সমর্থক ব্রাজিলের উদার বামপন্থী দিলমা রৌসেফ সরকার।
তাই যে কোনো ধরনের রাজনৈতিক জটিলতা এড়াতে দ্রুত নির্বাচন দেওয়ার মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরকেই সমাধান ভাবছে ব্রাজিল।
ফুসফুস সংক্রমণের জন্য বিশেষ পরিচর্যার প্রয়োজন হলেও শ্যাভেজের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে ভেনিজুয়েলা সরকার রোববার জানিয়েছে।
