২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিতে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপে জাতিসংঘের সমর্থন

মালির বিদ্রোহী ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে ফ্রান্সের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে জাতিসংঘ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 15 Jan 2013, 09:09 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

সোমবার নিরাপত্তা পরিষদের সব সদস্য রাষ্ট্র ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের প্রতি সমর্থন জানায় বলে জাতিসংঘ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি অনলাইন।

নিরাপত্তা পরিষদ সমর্থন জানানোর পর এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, তিনি আশা করছেন মালিতে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের ফলে দেশটির আঞ্চলিক অখণ্ডতা ও সাংবিধানিক শাসন অব্যাহত থাকবে।

সোমবার ফ্রান্সের অনুরোধে নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠক আহ্বান করে।

বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত গ্যেরাদ আরাউদ বলেন, “বৈঠকে নিরাপত্তা পরিষদের অপর ১৪ টি সদস্য রাষ্ট্র ফ্রান্সের অবস্থান বুঝতে পেরেছে এবং ফ্রান্সের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।”

এ সময় তিনি আরো বলেন, “যত দ্রুত সম্ভব মালিতে পশ্চিম আফ্রিকান সেনা মোতায়েন দেখতে চায় ফ্রান্স।”

গত ডিসেম্বরে মালিতে তিনহাজার আফ্রিকান সেনা মোতায়েনের এক প্রস্তাব নিরাপত্তা পরিষদের অনুমোদন পায়। আলোচনা সাপেক্ষে মালি সমস্যার কোনো সমাধান না হলে চলতি বছরের পরবর্তী মাসগুলোতে এসব সেনার মালির পরিস্থিতিতে হস্তক্ষেপ করার কথা ছিল ।

কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই সেনা মোতায়েনের সময় এগিয়ে নিয়ে আসা হয়। কয়েক হাজার আফ্রিকান সেনার একটি বাহিনী এখন মালির পথে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই বাহিনী মালিতে পৌঁছবে বলে আশা করা হচ্ছে।

নাইজেরিয়ার সেনাদল প্রধান ইতোমধ্যেই মালিতে পৌঁছেছেন বলে জানিয়েছেন আরাউদ।

বৃহস্পতিবার মালির জঙ্গিরা রাজধানী বামাকোর দিকে অগ্রসর হয়ে ৪শ’ কিলোমিটার দূরের কৌশলগত শহর কান্নো দখল করে নিলে শঙ্কিত ফ্রান্স জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়।

জঙ্গিদের অগ্রযাত্রা রুখতে মালির সামরিক বাহিনীকে সহায়তা করতে গত চারদিন ধরে জঙ্গি অবস্থানগুলো লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ফ্রান্স।

সেখানে ৫৫০ জন ফরাসি সেনাও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।