‘সিরিয়ায় আকাশ হামলায় নিহত ২০’
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণপশ্চিমে বিদ্রোহী অধিকৃত একটি শহরে সরকারী বাহিনীর আকাশ হামলায় ২০ জন নিহত হয়েছেন বলে সরকার বিরোধী বিদ্রোহীরা দাবী করেছে।
সোমবার সকালে মোয়াদামিয়েহ শহরে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তারা।
মোয়াদামিয়েহ শহরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী জানিয়েছে, নিহতরা দুটি পরিবারের সদস্য এবং এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
ইন্টারনেটে আপলোড করা আন্দোলনকারীদের ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি বিধ্বস্ত ভবনের ভাঙা কংক্রিটের মধ্যে এক বালকের ছিন্নবিচ্ছিন্ন দেহ ঝুলে আছে যার পেছনের অংশটি ধূলায় আচ্ছন্ন ও সামনের দিকটি রক্ত প্লাবিত।
যুক্তরাজ্য ভিত্তিক সরকার বিরোধী মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, হামলায় বিধ্বস্ত একটি ভবনের ভিতর নিহত ছয়টি শিশুর নাম তাদের কাছে আছে।
অজারভেটরি ১০ জন নিহত হওয়ার কথা জানিয়ে বলেছে, আহতদের অবস্থা সঙ্কটজনক বিধায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, আর কিছু মৃতদেহ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়েও থাকতে পারে।
সিরিয়ার রাষ্ট্রিয় গণমাধ্যমে এই ঘটনা উল্লেখ করে কোনো সংবাদ প্রকাশিত হয়নি আর স্বাধীন গণমাধ্যমের ওপর সিরিয়া সরকারের বিধিনিষেধ থাকায় এসব দাবীর সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীগুলোর গোলাবর্ষণে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছিল। নিহতদের মধ্যে ১৪ জন শিশু বলে দাবী করেছে তারা।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের শাসনের বিরুদ্ধে গত ২১ মাস ধরে চলা আন্দোলন-বিদ্রোহে এ পর্যন্ত ৬০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
