শ্রীলংকার প্রধান বিচারপতিকে অভিসংশনের পর অপসারণ
সর্বোচ্চ আদালত পার্লামেন্টের অভিসংশন প্রক্রিয়াকে বেআইনি বলার পরও প্রেসিডেন্ট রাজাপাকসে প্রথম নারী প্রধান বিচারপতিকে অপসারণ করলেন। এতে দেশটিতে সাংবিধানিক সংকট সৃষ্টির আশঙ্কা আছে।
কর্মকর্তারা জানিয়েছেন, রোববার প্রেসিডেন্টের স্বাক্ষরিত চিঠি প্রধান বিচারপতির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে এবং এদিন থেকেই তা কার্যকর হওয়ার কথা।
দুর্নীতির অভিযোগে প্রধান বিচারপতির বিরুদ্ধে এ অভিসংশন প্রক্রিয়াকে সর্বোচ্চ আদালতের শুনানিতে অসাংবিধানিক বলা হলেও রাজাপাকসের দলের নিয়ন্ত্রণে থাকা পার্লামেন্টে তা পাশ হয়।
অবশ্য দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি শিরানি বন্দরনায়েকে শুরু থেকেই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন।
৫৪ বছর বয়সী ড. বন্দরনায়েকের বিরুদ্ধে আর্থিক এবং দাপ্তরিক কাজে অসদাচারণের ১৪টি অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ তদন্তে গঠিত ১১ সদস্যের একটি পার্লামেন্টারি কমিটি গত নভেম্বরে বন্দরনায়েকে’কে জেরা করেন। পরের মাসে তার বিরুদ্ধে পেশাগত অসদাচারণের অভিযোগের যথার্থতা পাওয়া যায়।
বন্দরনায়েকের ঘনিষ্ঠ আইনজীবীরা নিশ্চিত করেছেন, প্রেসিডেন্টের চিঠি তার হাতে পৌঁছেছে। তবে, এ বিষয়ে মুখ খোলেননি তিনি।
শ্রীলংকার হাইকোর্ট এবং আপিল কোর্ট গত মাসে পার্লামেন্টের অভিসংশন প্রক্রিয়াকে বেআইনি ও অবৈধ বলে খারিজ করে দেয়।
এ অবস্থায় প্রধান বিচারপতি পদ ছেড়ে দিতে অস্বীকৃতি জানালে দেশটিতে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
