২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট অ্যাক্টিভিস্ট, প্রোগামার অ্যারন সোয়ার্জের আত্মহত্যা

ইন্টারনেট অ্যাক্টিভিস্ট ও তরুণ কম্পিউটার প্রতিভা অ্যারন সোয়ার্জ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ।

রয়টার্স

.

রয়টার্স

Published : 13 Jan 2013, 09:35 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সম্প্রতি একটি প্রতারণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েছিলেন ইন্টারনেটে ‘আরএসএস ফিডে’র পথিকৃত ২৬ বছর বয়সী সোয়ার্জ।

শুক্রবার নিউইয়র্ক শহরের ব্রুকলিনে সোয়ার্জের নিজ ফ্ল্যাটে তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। ফাঁসিতে ঝুলে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক শহরের প্রধান মেডিকেল পরীক্ষা কার্যালয়ের মুখপাত্র।

সোয়ার্জের বন্ধু বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক কোরি ডক্টরো তার ব্লগে জানান, মাত্র ১৪ বছর বয়সে ইন্টারনেটে নিউজফিড প্রচারের ফরম্যাট রিচ সাইট সামারির (আরএসএস) প্রথম প্রজন্মের বৈশিষ্ট্যগুলো তৈরিতে সহলেখক হিসেবে কাজ করেছিলেন সোয়ার্জ। যেসব ওয়েবসাইটের বিষয়বস্তুগুলো নিয়মিত পরিবর্তিত হতে থাকে এমন ওয়েবসাইটগুলোর একটি ফরম্যাট হলো আরএসএস। এর মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে থাকা অসীম তথ্যভাণ্ডার সহজলভ্য হয়ে উঠে সাধারণ মানুষের জন্য। গত কয়েক বছর ধরে অ্যারন সোয়ার্জ ইন্টারনেট প্রযুক্তির জগতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন। তবে একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে ১ কোটি ৯০ লাখ পৃষ্ঠার এক অভিযোগের মুখেও পড়েছিলেন তিনি। বেশ কয়েক বছর ধরে সোয়ার্জ বিষণ্নতার সমস্যায় ভুগছিলেন বলে ব্লগে জানান ডক্টরো।


২০০৮ সালে এক ইন্টারনেট মেনিফেস্টোতে সোয়ার্জ বলেছিলেন, ‘তথ্য এক ধরনের ক্ষমতা। তাই অন্যান্য যে কোনো ক্ষমতার মতো একেও অনেকে কুক্ষিগত করে রাখতে চায়।’

মঙ্গলবার ইলিনয়েসের হাইল্যান্ড পার্কে সোয়ার্জের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।