২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান যুদ্ধের নেতৃত্ব ছাড়ছে মার্কিন বাহিনী

আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দ্রুততম সময়ের মধ্যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর কাছ থেকে আফগান বাহিনীর কাছে হস্তান্তরে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 05:13 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে আগামী বসন্তের শুরুতেই আফগান বাহিনীর কাছে যুদ্ধনেতৃত্ব হস্তান্তরের বিষয়ে সম্মত হন তারা।

এছাড়া কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় প্রতিষ্ঠার সুযোগ দিয়ে তাদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা চালানোরও সিদ্ধান্ত হয় ওই বৈঠকে।

বৈঠকে শেষে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুই নেতা।

হামিদ কারজাইকে পাশে নিয়ে ওবামা বলেন, “এই বসন্তেই আফগানরা সারা দেশে যুদ্ধের নেতৃত্বে থাকবে। তার অর্থ এই নয় যে, মার্কিন বাহিনীসহ যৌথবাহিনী আর সেখানে থাকছে না।

“আফগানরা নেতৃত্বে থাকবে এবং আমাদের উপস্থিতি ও কাজের ধরন ভিন্ন হবে। প্রশিক্ষণ, সহায়তা ও পরামর্শকের ভূমিকায় থাকবো আমরা।”

“এটা একটা ঐতিহাসিক মুহুর্ত হবে এবং পূর্ণ আফগান সার্বভৌমত্বের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া হবে।”

ওবামা বলেন, “আগামী বছর অর্থাৎ ২০১৪ সালের শেষ নাগাদ পুরো হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। আফগানরা তাদের নিরাপত্তার পুরো দায়িত্ব নিজেদের কাঁধে নেবে এবং এই যুদ্ধ একটি দায়িত্বশীল পরিসমাপ্তির দিকে যাবে।”

এই যুদ্ধে নিয়োজিত ৬৬ হাজার মার্কিন সেনার বেশিরভাগেরই আগামী বছর আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে।

আফগানিস্তানে রাজনৈতিক বন্দীদেরও আফগান সরকারের কাছে হস্তান্তরের ব্যাপারে একমত হয়েছেন ওবামা ও কারজাই।

গত বছর শিকাগোয় ন্যাটো সম্মেলনে চলতি বছরের মাঝামাঝি নাগাদ যুদ্ধনেতৃত্ব আফগান বাহিনীকে হস্তান্তরের সময়সীমা নির্ধারণ করা হয়। তার বেশ কয়েক মাস আগেই যুদ্ধে সহায়তাকারীর ভূমিকায় যাচ্ছে মার্কিন বাহিনী।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়। এ হামলার জন্য আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল-কায়দাকে দায়ী করা হয়।

আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানায় আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তখন আল-কায়েদার বিরুদ্ধে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যে সে বছর ৭ অক্টোবর আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

প্রথমে তাদের সঙ্গে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ফ্রান্স অংশ নিলেও পরবর্তীতে ন্যাটোবাহিনী এই যুদ্ধের নেতৃত্ব নেয়। তখন থেকে এক দশকেরও বেশি সময় ধরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোবাহিনী এই যুদ্ধ চালিয়ে আসছে।