গান্ধী-কালেনবাখের চিঠিপত্রের প্রদর্শনী করবে ভারত
মহাত্মা গান্ধীর সঙ্গে কালেনবাখের আদান-প্রদান হওয়া চিঠিপত্র, ছবি ও অন্যান্য নথিপত্র ভারতের রাজধানী নয়া দিল্লিতে প্রদর্শিত হবে এ মাসেই। বিবিসি এ খবর জানিয়েছে।
নয়া দিল্লির ন্যাশনাল আর্কাইভস-এ আগামী তিরিশে জানুয়ারি থেকে সব মিলিয়ে একশরও বেশি সামগ্রী সাধারণের জন্য খুলে দেওয়া হবে।
সংস্থাটির পরিচালক অধ্যাপক মুশিরুল হাসান জানান, গান্ধীর জীবনের প্রথম দিককার একটি বড় সংগ্রহ এটি।
বিবিসিকে তিনি বলেন, “এগুলোতে গান্ধীর চেয়ে কালেনবাখের কথাই বেশি থাকলেও চিঠিগুলো সংগ্রহে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।”
কালেনবাখের সঙ্গে গান্ধীর সম্পর্ক নিয়ে নানা বিতর্ক থাকা সত্ত্বেও ভারত সরকার গত বছর অভূতপূর্ব পদক্ষেপে কালেনবাখের পরিবারের কাছ থেকে প্রায় ১১ লাখ মার্কিন ডলারে এ সংগ্রহ কিনে নেয়। কালেনবাখ পরিবার এগুলো বিক্রির জন্য নিলামে তোলার কিছুদিন আগেই ভারত এগুলো কিনে নেয়।
‘বিতর্কিত সম্পর্ক’
দক্ষিণ আফ্রিকায় গান্ধীর জীবনের শুরুর দিকেই ১৯০৪ সালে হারমান কালেনবাখের সঙ্গে পরিচয় হয় গান্ধীর।
কালেনবাখ ছিলেন একজন জিমনাস্ট এবং শরীরচর্চাবিদ। গান্ধীর সঙ্গে তার চিঠিপত্রকে অনেক ভাষ্যকাররা ‘মধুময় প্রেম পত্র’ হিসেবেই আখ্যা দিয়েছেন।
বেশিরভাগ চিঠিই পরিবারের লোকজন,বন্ধু এবং অন্যান্যদের লেখা হলেও গান্ধী নিজেও কালেনবাখকে অল্পকিছু চিঠি লিখেছেন।
পুলিৎজার পুরষ্কার বিজয়ী লেখক জোসেফ লেলিভেল্ডের ২০০১ সালে প্রকাশিত বিতর্কিত একটি বইয়েও গান্ধী এবং কালেনবাখের সম্পর্কের অনেক কথা উঠে এসেছে।
‘গ্রেট সোল: মহাত্মা গান্ধী এন্ড হিজ স্ট্রাগল উইথ ইন্ডিয়া’ নামের ওই বইয়ে লেখক গান্ধী ও কালেনবাখের মধ্যে একটি অন্তরঙ্গ সম্পর্কের ইঙ্গিত করেছেন।
তবে, বইটিতে গান্ধীকে জাতিবিদ্বেষী বা উভকামী হিসেবে চিত্রায়িত করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা অস্বীকার করেছেন জোসেফ লেলিভেল্ড।
