২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির গণধর্ষণ: ছেলের কুকীর্তির জন্য লজ্জিত মা

নয়া দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলায় গ্রেপ্তার কিশোরের মা বলেছেন, তার ছেলে পরিবারের জন্য যে লজ্জা নিয়ে এসেছে তাতে প্রতিবেশিদের কাছে মুখ দেখাতে পারছেন না তিনি।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

গত ১৬ ডিসেম্বর দিল্লির একটি চলন্ত বাসে ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির এক ছাত্রী গণধর্ষণের শিকার হন। ধর্ষণ ও মারধরের পর রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রী ও তার বন্ধুকে রাস্তায় ফেলে দেয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই তরুণী।

এ ঘটনায় গ্রেপ্তার ছয় জনের মধ্যে সবচেয়ে কমবয়সী ওই কিশোরের বিরুদ্ধে এখনো অভিযোগ আনেনি পুলিশ, যদিও ধর্ষণ ও হত্যার অভিযোগে অন্য পাঁচ জনের বিচার শুরু হয়েছে। কিশোর হওয়ায় আলাদাভাবে তার বিচার করা হবে।

এই কিশোরের বাড়ি উত্তর প্রদেশের একটি গ্রামে। দরিদ্র পরিবারে ছয় ভাই বোনের মধ্যে বড় সে।

রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ওই কিশোরের মা বলেন, পাঁচ থেকে ছয় বছর আগে শহরে রোজগারের উদ্দেশ্যে গ্রাম ছেড়ে যায় সে। কয়েক বছর ছেলের কোনো খোঁজও তিনি পাননি। গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পুলিশের কাছ থেকে ছেলের খবর আসে তার কাছে।

“সে যে কলঙ্ক বয়ে এনেছে তা আজ আমাকে কুরে কুরে খাচ্ছে।”

ঘটনা জানাজানির পর প্রতিবেশিদের কটাক্ষেরও শিকার হচ্ছেন তিনি।

তিনি বলেন, “আমার ছেলে পরিবারের জন্য যে লজ্জা বয়ে এনেছে তার কারণে আমি গ্রামের দুজন মানুষের পাশেও বসতে পারি না।”

ওই কিশোরের মা বলেন, গ্রামের অন্য কয়েক বালকের সঙ্গে নয়া দিল্লি যায় তার ছেলে। সেখানে প্রথমে রাস্তার পাশে একটি রেস্তোরাঁয় সে কাজ পায়। তখন মাসে ছয়শ’ রুপি করে বাড়িতে পাঠাতো।

এরপর এক সময় টাকা পাঠানো বন্ধ করে দেয় সে। তখন থেকে ছেলের কোনো খোঁজ ছিল না তার কাছে।

তরুণীকে ধর্ষণ ও মারধরের ঘটনায় ওই কিশোরের ভূমিকা নিয়ে ধর্ষিতা তরুণীর বন্ধু (যিনি নিজেও মারধরের শিকার হন) কথা বলেন রয়টার্সের সঙ্গে।

তিনি বলেন, “বাসের দরজায় এক কিশোর দাঁড়িয়েছিল এবং সে যাত্রীদের ডাকছিল।”

“সে ছিল খুব চিকন এবং ‘আসুন দিদি, বসুন’ বলে ডাকছিল সে।”

বাসে ওঠার পর তরুণীকে কটুক্তি করা হয়। তখন তার প্রতিবাদ জানালে তরুণীর বন্ধুকে মারধর করা হয়।

“তখন আমাকে যারা আক্রমণ করে তাদের মধ্যে প্রথম সারিতে ছিল ওই তরুণ,” বলেন নিহতের বন্ধু।