‘কনডম আইন’ বাতিলে যুক্তরাষ্ট্রে আইনি লড়াই
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে পর্ন ছবিতে অভিনয়ের সময় তারকাদের কনডম ব্যবহারের বাধ্যবাধকতার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে দেশটির প্রধান দুটি পর্ন কোম্পানি।
ভিভিড এন্টারটেইনমেন্ট ও ক্যালিফা প্রোডকশন্স বলছে, এই বাধ্যবাধকতা বাক স্বাধীনতার পরিপন্থী যা যুক্তরাষ্ট্রের সংবিধানের লঙ্ঘন।
গত নভেম্বরের নির্বাচনে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে ‘মেজার বি’ নামে পরিচিত ওই আইনের অনুমোদন হয়। গত বছরের জানুয়ারিতে এ সংক্রান্ত খসড়ায় সই করে তা আইনে পরিণত করেন লস অ্যাঞ্জেলেস শহরের মেয়র অ্যান্টোনিও ভিলারাইগোসা।
এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন (এএইচএফ) এই আইনের অন্যতম সমর্থক। এর ফলে পর্ন তারকারা এইচআইভির সংক্রমণ থেকে সুরক্ষা পাবে বলে দাবি করছে তারা।
এই আইনের বিরোধিতা করে ভিভিড এটারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা স্টিভেন হির্চ বলেন, “এই আইনের পরিবর্তন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
“আমি মনে করি, এই ইন্ডাস্ট্রির বর্তমান পরীক্ষা ব্যবস্থা বেশ ভালো কাজ করছে।”
এই আইনের বিরোধিতা করে তার সঙ্গে সুর মিলিয়েছেন পর্ন তারকা কেডেন ক্রস ও লোগান পিয়ার্সসহ অনেকে।
তারা বলছেন, পর্ন তারকাদের নিয়মিত এইচআইভি/এইডসের পরীক্ষা হয় এবং কনডম ব্যবহারের বাধ্যবাধকতা এ ব্যবসার ক্ষতি করবে। এ পদক্ষেপের ফলে এসব চলচ্চিত্র তৈরির স্টুডিওগুলোও গোপনে কার্যক্রম চালানো শুরু করতে পারে বলেও মনে করছে তারা।
ব্রিটিশ পর্ন অভিনেতা কেইরান লি বলেন, “আমরা দেখেছি, অনেক দর্শকই কনডম পর্ন দেখতে পছন্দ করেন না।”
এ আইন বাতিল করা না হলে ক্যালিফোর্নিয়া ছাড়ারও হুমকি দিয়েছে পর্ন ছবি তৈরির কোম্পানিগুলো। তবে সেক্ষেত্রে আইনি বাধার মুখে পড়ছেন তারা।
১৯৮৮ সালে ক্যালিফোর্নিয়ার সুপ্রিম কোর্ট এক আদেশে পর্ন নির্মাতাদের পতিতাবৃত্তিবিরোধী আইনের আওতায় না আনার নির্দেশ দেয়। ক্যালিফোর্নিয়া ছাড়া শুধু নিউ হ্যাম্পশায়ারেই পর্ন নির্মাতাদের জন্য আদালতের এ ধরনের আদেশ আছে।.
