২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে মহামারী আকারে ফ্লু ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রে ফ্লুর প্রাদুর্ভাব মহামারী পর্যায়ে পৌঁছেছে বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও নিবারণ কেন্দ্র জানিয়েছে।

রয়টার্স

.

রয়টার্স

Published : 12 Jan 2013, 12:02 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে যারা মারা গেছেন তাদের মধ্যে ৭ দশমিক ৩ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে ফ্লু ও নিউমোনিয়ায়।

সিডিসির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ফ্লুতে এখন পর্যন্ত ২০ শিশুর মৃত্যু হয়েছে যেখানে গতবছর পুরো মৌসুমজুড়ে এতে ৩৪ শিশু মারা যায়।

শীত মৌসুমে ইউরোপ- আমেরিকায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হওয়া অনেকটা নিয়মিত ঘটনা। এতে মাথা ও শরীরে ব্যথা, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া ও জ্বরের মাত্রা বেড়ে যায়। শিশু ও বয়স্করাই ইনফ্লুয়েঞ্জায় বেশি আক্রান্ত হয়।

তবে এবার বেশ আগেভাগেই তা শুরু হয়েছে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ছে। হাসপাতাল ও চিকিৎসকের চেম্বারে ফ্লুতে আক্রান্তদের উপচে পড়া ভিড় দেখা দিয়েছে।

সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ১০টি অঞ্চলের মধ্যে নয়টিতেই গত সপ্তাহে ফ্লু নিয়ে কার্যক্রম বাড়ানো হয়েছে। সাধারণত জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে এ রোগ দেখা দিলেও এবার কয়েক সপ্তাহ আগেই তা শুরু হয়েছে।

শুধু দক্ষিণপশ্চিম অঞ্চল ও ক্যালিফোর্নিয়ায় গত সপ্তাহে ফ্লুর প্রাদুর্ভাব কম ছিল বলে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে।

বোস্টনে ফ্লুর প্রাদুর্ভাব গত বছরের তুলনায় এবার ১০ গুন বেশি। এ পরিস্থিতিতে বুধবার মেয়র টমাস মেনিনো সেখানে অবস্থা জারি করেছেন।

ইলিনয়ের ২৪টি হাসপাতালে ফ্লুতে আক্রান্তদের সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। পেনসিলভানিয়ার লেই ভ্যালে হাসপাতালে ফ্লু আক্রান্তদের ভিড়ের কারণে বাইরে তাবু টাঙিয়ে তুলনামূলক কম অসুস্থদের চিকিৎসা দেয়া হচ্ছে।

যুক্তরাষ্ট্রে প্রতি বছরই ফ্লুতে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। তবে এবার এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে তার সঠিক তথ্য জানা যায়নি।

এর আগে ২০০৯-১০ সালে ফ্লুতে ২৮২ জনের মৃত্যু হয়।