৫ হাজার ৪শ’ কর্মী ছাঁটাই করবে আমেরিকান এক্সপ্রেস
বিশ্বব্যাপী ৫ হাজার ৪শ’ কর্মী ছাঁটাই করার পরিকল্পনা ঘোষণা করেছে আমেরিকান এক্সপ্রেস। ২০১৩ সালের মধ্যে এদের ছাঁটাই করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশ্বব্যাপী প্রতিষ্ঠানটির বর্তমান মোট কর্মী সংখ্যা ৬৩ হাজার ৫শ’ জন বলে বিবিসি জানিয়েছে।
ক্রেডিট কার্ড সরবরাহকারী এই আর্থিক প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়নে কোম্পানিটির প্রায় ৬০ কোটি ডলার ব্যয় হবে।
এই অঙ্কটির কারণে ২০১২ সালের শেষ ত্রৈমাসিক হিসাবের লাভ ১২০ কোটি ডলার থেকে কমে ৬৩ কোটি ৭০ লাখ ডলারে নেমে আসবে বলে জানিয়েছে কোম্পানিটি।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, চাকরি হারানোদের মধ্য সংখ্যাগরিষ্ঠ তাদের ভ্রমণ ব্যবসার সঙ্গে জড়িত কর্মী। “ডিজিটাল বিপ্লবের” কারণে এসব কর্মীর প্রয়োজন ফুরিয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্রেতারা ভ্রমণজনিত বুকিংগুলো এখন অনলাইন অথবা মোবাইলের মাধ্যমেই বেশি করে থাকেন বলে ট্রাভেল এজেন্টের কাজ সঙ্কুচিত হয়ে আসছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.
