২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনের বিজ্ঞাপনে ‘লেনিন’, বিরূপ প্রতিক্রিয়া

রয়টার্স

.

রয়টার্স

Published : 09 Jan 2013, 07:26 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

বিতর্কের মুখে সাবেক রুশ নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের ছবি ব্যবহার করা বিজ্ঞাপন প্রত্যাহার করে নিয়েছে পোল্যান্ডের এক মোবাইল ফোন পরিচালনাকারী প্রতিষ্ঠান।

মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে বিষয়টি জানা গেছে।

পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে বিবিসি প্রতিনিধি জানিয়েছেন, ওই মোবাইল ফোনের একটি বিজ্ঞাপনে দেখা গেছে, আবেগঘন পরিবেশে তরুণ এক জুটি খাবার খাওয়ার সময় লেনিনের ছবি সম্বলিত একটি লাল পতাকা উড়িয়ে এক অভিনেতা তাদের বিরক্ত করে।

লাল পতাকা উড়িয়ে ওই অভিনেতা তাদের ওই মোবাইল ফোন কোম্পানির নতুন অফারটির সুযোগ নেওয়ার আহ্বান জানাচ্ছেন এমন দেথানো হয়।

এরপর লেনিনের মাথার একটি কার্টুন দৃশ্যপটে এসে চিৎকার করে আদেশ জারি করে, “কথা চালিয়ে যাও!”

লেনিনের প্রবর্তিত পদ্ধতির কমিউনিস্ট শাসন ব্যবস্থা লেনিন পরবর্তী সময়ে পোল্যান্ডে চালু করা হয়েছিল।

বিজ্ঞাপনটিতে সোভিয়েত নেতাদের অপরাধ লঘু করা হয়েছে বলে অভিযোগ করেছেন সমালোচকেরা।

কমিউনিস্ট আমলের অপরাধ নিয়ে তদন্ত করা পোল্যান্ডের ইনস্টিটিউট অব ন্যাশনাল রিমেম্বারেন্স’র পরিচালক লুকাজ কামিনিস্কি বলেছেন, “বিজ্ঞাপনটিতে দায়িত্বজ্ঞানহীনভাবে সোভিয়েত নেতাদের অপরাধ হাল্কা করে দেখানো হয়েছে।”

বিজ্ঞাপনটি প্রত্যাহার করার পর বিজ্ঞাপনদাতা হেইয়া মোবাইল কোম্পানির মালিক বলেছেন, কাউকে আক্রমণ করা বিজ্ঞাপনটির উদ্দেশ্য ছিল না।