২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় লাখো মানুষ খাদ্য সাহায্য বঞ্চিত

সিরিয়ায় চলমান লড়াই-সংঘর্ষের কারণে ১০ লাখ মানুষের কাছে খাদ্য সাহায্য পৌঁছানো যাচ্ছে না।উপরন্তু বিপজ্জনক পরিস্থিতির কারণে সিরিয়ার বিভিন্ন শহর থেকে কর্মীদের সরিয়ে নিতে হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ খাদ্য সংস্থা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 08 Jan 2013, 04:50 PM

Updated : 25 Apr 2022, 06:14 PM

সিরিয়ায় ২২ মাস ধরে চলা লড়াই-সংঘর্ষে দশ লাখ মানুষ খাদ্যাভাব ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিওএফপি) বলেছে, তারা সিরিয়ার ১৫ লাখ মানুষের জন্য সহায়তার হাত বাড়ালেও ক্রমাগত যুদ্ধ চলতে থাকায় এবং তারতাস বন্দর ব্যবহার করতে না পারায় বহু মানুষের কাছে সাহায্য পৌঁছানো সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, সিরিয়ায় গত বছর মার্চে শুরু হওয়া গণঅভ্যুত্থান এবং গৃহযুদ্ধে এ পর্যন্ত ৬০ হাজারের বেশি মানুষ মারা গেছে।

ডব্লিওএফপি’র মুখপাত্র এলিজাবেথ বায়ারস বলেছেন, সহিংসতা ক্রমাগত বাড়তে থাকায় বিপজ্জনক পরিস্থিতির মুখে সিরিয়ার হোমস, আলেপ্পো, তারতাস ও কামিসলি থেকে কর্মীদের সরিয়ে নেয়া হয়েছে।

সংস্থাটি জানায়, ২০১২ সালের শেষ দিকে ডব্লিউএফপি সাহায্য বহনকারী ট্রাকগুলোতে হামলা লক্ষ্যণীয় মাত্রায় বেড়েছে। দেখা দিয়েছে জ্বালানি সঙ্কটও।

জাতিসংঘ জানিয়েছে, প্রায় ৬ লাখ শরণার্থীসহ ৪০ লাখ সিরীয়র মানবিক সহায়তা প্রয়োজন।