বিতর্কিত দ্বীপে কড়া নজরদারির নির্দেশ জাপানের
মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে কড়া নজরদারির নির্দেশ দেয়ার পাশাপাশি ওই এলাকায় চীনের জাহাজ অবস্থানের প্রতিবাদে চীনা রাষ্ট্রদূতকে তলব করেছে জাপান।চীনের বিরুদ্ধে জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনজো আবের এটাই প্রথম প্রতিবাদ।
চীনের সঙ্গে মালিকানা নিয়ে বিতর্কিত দ্বীপপুঞ্জের চারপাশে নজরদারি বাড়ানোর জন্য মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।কিয়োদো বার্তা সংস্থা একথা জানিয়েছে।
এর আগে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জ এলাকায় ৪ টি চীনা নজরদারি জাহাজ প্রবেশের প্রতিবাদে চীনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আকিতাকা সাইকি।কর্মকর্তারা একথা জানিয়েছেন।
তারা জানান, চীনের জাহাজগুলো সোমবার দুপুরের দিকে বিতর্কিত এলাকায় প্রবেশ করে এবং মঙ্গলবার সকালের দিকে চলে যায়।
চীনের ‘স্টেট ওশেনিক অ্যাডমিনিস্ট্রেশন’ও বিরোধপূর্ণ এলাকার কাছে ৪ টি জাহাজ টহল দেয়ার কথা নিশ্চিত করেছে।
তবে জাহাজগুলো চীনের জলসীমাতেই টহল দেয় বলে বরাবরই দাবি করে আসছে বেইজিং।কিন্তু জাপান এ পদক্ষেপ আগ্রাসী বলেই অভিযোগ করে আসছে।
প্রধানমন্ত্রী আবে এর প্রতিবাদে প্রতিরক্ষামন্ত্রীকে কড়া ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে কিয়োদো।
জাপানে সেনকাকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত এ দ্বীপপুঞ্জটির মালিকানা নিয়ে গত কয়েক মাস ধরেই দু দেশের মধ্যে উত্তেজনা চলে আসছে।
এর মধ্যে ওই এলাকায় জাপানের নজরদারি বাড়ানোর নতুন নির্দেশ সম্পর্কে উত্তেজনা আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে।
