২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

হেলিকপ্টারটিতে যুক্তরাষ্ট্রের পাঁচজন এবং পেরুর দুইজন নাগরিক ছিলেন। উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চৌধুরী রুবাইয়াৎ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 09:46 AM

Updated : 25 Apr 2022, 06:14 PM

 পেরুর আমাজন বনাঞ্চলে সাত আরোহী নিয়ে সোমবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সবাই নিহত হয়েছে।

দেশটির এক আইন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।

পেরুর বিমান চলাচল সংস্থা কোরপ্যাক জানিয়েছে, হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্থানীয় কলাম্বিয়া হেলিকপ্টারস সংস্থার।

ভারী মালামাল পরিবহন ও তেল অনুসন্ধানে ব্যবহৃত আকাশযান পরিচালনায় কলাম্বিয়ার সুনাম রয়েছে।

তবে এই দুর্ঘটনা সম্পর্কে লিমাস্থ কলাম্বিয়ার কার্যালয় কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

মার্কো ওচা নামে এক আইন কর্মকর্তা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে যুক্তরাষ্ট্রের পাঁচজন এবং পেরুর দুইজন নাগরিক ছিলেন। উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিহতরা পেট্রমিনারেলস লি. এর হয়ে কাজ করছিলেন।

পেট্রমিনারেলস কানাডাভিত্তিক একটি তেল অনুসন্ধান সংস্থা। এই সংস্থা মূলত ল্যাতিন আমেরিকাতেই কাজ করে থাকে।