২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপানের প্রতিরক্ষা ব্যয় বাড়তে পারে’

এপ্রিলে শুরু হতে যাওয়া পরবর্তী অর্থ বছরে প্রতিরক্ষা ব্যয় প্রায় ২ শতাংশ বাড়িয়ে ৫৩ দশমিক ৪ বিলিয়ন ডলার করার কথা বিবেচনা করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 07:35 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে চীনের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে জাপান সরকার।

শনিবার এ সম্ভাবনার কথা জানিয়েছে জাপানের গণমাধ্যমগুলো।

দ্বীপ বিতর্কে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের কঠোর মনোভাব গ্রহণ করার জন্য জানানো আহ্বানের সূত্র ধরে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির সম্ভাবনার আভাস দিয়েছে তারা।

এ খবর সত্য হলে গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো প্রতিরক্ষা ব্যয় বাড়াতে যাচ্ছে জাপান সরকার।

জাপানের মাইনিচি সংবাদপত্র এক প্রতিবেদনে জানিয়েছে, এপ্রিলে শুরু হতে যাওয়া পরবর্তী অর্থ বছরে প্রতিরক্ষা ব্যয় প্রায় ২ শতাংশ বাড়িয়ে ৫৩ দশমিক ৪ বিলিয়ন ডলার করার কথা বিবেচনা করছে সরকার।

তবে এই তথ্যের উৎস সম্পর্কে কোনো কিছু জানায়নি সংবাদপত্রটি।

আশাহি শিম্বুন সংবাদপত্র জানিয়েছে, বাড়তি বরাদ্দ স্থল-প্রতিরক্ষা বাহিনীগুলোর সদস্য সংখ্যা বাড়াতে; স্থল, বিমান ও নৌবাহিনীর ব্যবহৃত সরঞ্জামাদির আধুনিকায়ণে ব্যয় করা হবে বলে জানিয়েছে।

প্রকাশিত তথ্যের উৎস সম্পর্কে এই সংবাদপত্রটিও কোনো কিছু জানায়নি।

তাইওয়ানের কাছাকাছি অবস্থিত বিরোধপূর্ণ ওই দ্বীপগুলো জাপানে সেনকুকু এবং চীনে দিয়াউ নামে পরিচিত।

জাপানের নতুন প্রধানমন্ত্রী অ্যাবে বারবার বলেছেন, দ্বীপগুলোর মালিকানা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির মোকাবেলায় প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির ঘোষণা দিয়েছেন তিনি।