২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষবরণ ট্র্যাজেডি: আইভরি কোস্টে ৩ দিনের শোক

আইভরি কোস্টে নববর্ষের অনুষ্ঠানে ভিড়ের চাপে ৬১ জন নিহত হওয়ার পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2013, 05:55 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

আইভরি কোস্টে নববর্ষের অনুষ্ঠানে ভিড়ের চাপে ৬১ জন নিহত হওয়ার পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, মঙ্গলবার প্রথম প্রহরে দেশটির বাণিজ্যিক রাজধানী আবিদজানের একটি স্টেডিয়ামের কাছে বর্ষবরণের কনসার্ট ও আতশবাজি দেখতে গিয়ে এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০০ জন। ওই কনসার্টে যুক্তরাষ্ট্রের শিল্পী ক্রিস ব্রাউনের গান গাওয়ার কথা ছিল।

৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ফেলিক্স হুপহুয়েত বোয়িগনি স্টেডিয়ামে আতশবাজির প্রদর্শনী শেষ হওয়ার পর ঠিক কী কারণে হুড়োহুড়ি শুরু হয়েছিল, তা স্পষ্ট নয়।

আহত একজন হাসপাতালে রয়টার্সকে জানান, নিরাপত্তা বাহিনী জটলা ভেঙে দিতে কঠোর আচরণ শুরু করলে লোকজন আতঙ্কে দৌড়াতে শুরু করে।

তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কিছু যুবক ছুরি দেখিয়ে স্টেডিয়ামে আসা দর্শকদের মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করলে আতঙ্ক ও হুড়োহুড়ির শুরু হয়।

প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা ৬১ বলে জাতীয় টেলিভিশনে এক বিবৃতিতে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হামেদ বাকায়োকো। নিহতদের অনেকেরই বয়স ৮ থেকে ১৫ বছরের মধ্যে বলে সিএনএনের খবরে বলা হয়েছে।

প্রেসিডেন্ট আলাসানে কোয়াত্তারা ঘটনার পরপরই হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি এ ঘটনাকে জাতীয় বিপর্যয় হিসাবে উল্লেখ করেছেন। স্টেডিয়ামে আসলে কি ঘটেছিল তা খতিয়ে দেখতে তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছেন তিনি।

মধ্যরাতের ঘটনার পর মঙ্গলবার সকালে ফেলিক্স হুপহুয়েত বোয়িগনি স্টেডিয়ামের বাইরে রক্তের ছোপ ছোপ দাগ ও জুতা পড়ে থাকতে দেখা যায়। আপনজনদের খোঁজ নিতে ঘটনাস্থলে ছুটে যান আত্মীয়-স্বজনরা।

পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট এখানো গত বছরের গৃহযুদ্ধের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে, যাতে অন্তত তিন হাজার লোকের মৃত্যু হয়।

ফেলিক্স হুপহুয়েত বোয়িগনি স্টেডিয়ামের নামকরণ হয়েছে দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টের নামে।২০০৯ সালে আবিদজানের এই স্টেডিয়ামেই ফুটবল ম্যাচ চলাকালে পদদলিত হয়ে ১৮ জন নিহত হন।