২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে জাতীয় সংলাপ আহ্বান

মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বুধবার টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে গণভোটে নতুন খসড়া সংবিধান অনুমোদনকে স্বাগত জানিয়ে সব রাজনৈতিক দলকে জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

 মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বুধবার টিভিতে জাতির উদ্দেশ্যে ভাষণে গণভোটে নতুন খসড়া সংবিধান অনুমোদনকে স্বাগত জানিয়ে সব রাজনৈতিক দলকে জাতীয় সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

ভাষণে তিনি দেশের অর্থনীতিকে অগ্রধিকার দেন এবং সবাইকে নিয়ে অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান। প্রয়োজনবোধে মন্ত্রিসভায় রদবদল করা হবে বলেও জানান তিনি।

মিশরে হোসনি মুবারক আমলের পর প্রথম এ সংবিধানটি কার্যকর করতে মঙ্গলবার রাতেই একটি আদেশে সই করেন মুরসি।

এর পরদিন জাতির উদ্দেশ্যে দেয়া ওই প্রথম ভাষণে মুরসি দেশের অর্থনীতি গুরুতর সমস্যায় পড়ার আশঙ্কা প্রকাশ করে বলেন, “দেশের অর্থনীতি এখন বিরাট চ্যালেঞ্জের মুখে রয়েছে, তবে এর উন্নয়নের বিপুল সম্ভাবনাও আছে। আর এ লক্ষ্যে আপনাদেরকে সঙ্গে নিয়ে সব ধরনের পদক্ষেপই আমি নেব।”

নতুন সংবিধান পাস হওয়ায় মিশর এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করে নিরাপত্তা এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে সক্ষম হবে বলে মন্তব্য করেন তিনি।

মিশরের অর্থনীতিকে চ্যালেঞ্জর হাত থেকে বাঁচাতে যথাসম্ভব সবকিছু করবেন বলে জানান মুরসি।

মঙ্গলবার রাষ্ট্র-পরিচালিত ‘নীল নিউজ’ টিভিতে চূড়ান্ত ফল ঘোষণায় দেখা গেছে, ১৫ ও ২২ ডিসেম্বরে অনুষ্ঠিত গণভোটে দুই পর্বে খসড়া সংবিধানের পক্ষে মোট ৬৩ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে। বামপন্থি, উদারপন্থি এবং সংখ্যালঘুদের বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ ভোট সংবিধানের পক্ষে গেছে।

খসড়া সংবিধানটিতে ব্যক্তি স্বাধীনতা, সংখ্যালঘু ও নারীদের উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করে আসছে উদারপন্থী, বামপন্থী ও সংখ্যালঘু খ্রিস্টানরা। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করেছে।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে মুরসি গণভোটের পক্ষের এবং বিপক্ষের সবাইকেই স্বাগত জানিয়ে বলেন, সামনের চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় সংলাপ এখন জরুরি হয়ে পড়েছে। এ সংলাপে সব রাজনৈতিক দলকেই সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

কিন্তু জাতীয় ঐক্য কিংবা সংলাপের প্রশ্নে দেশটির প্রধান বিরোধীদল এখনো তাদের অবস্থান পরিবর্তন করেনি। আলোচনাকে প্রহসণ আখ্যা দিয়ে তারা আগামী ২৫ জানুয়ারি মিশরে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের দুই বছর পূর্তির দিনে নতুন সংবিধানের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ ডেকেছে।

বিরোধীদলের মুখপাত্র বলেন, দলের অবস্থানে কোনো পরিবর্তন আসছে না এবং মুরসি সরকারের বিরুদ্ধে তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবেই।