কর্নাটকে মন্ত্রীর বাড়িতে ৪০ কেজি সোনা-রুপা
ভারতের কর্নাটক রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বাসভবন ও বাণিজ্যিক কার্যালয় থেকে বিপুল পরিমাণ অর্থ, স্বর্ণ ও রুপা উদ্ধার করেছে ভারতের দুর্নীতি দমন সংস্থা।
উদ্ধারকৃত সম্পদের মধ্যে নগদ ১০ লাখ ৯০ হাজার রুপি, ১ দশমিক ৯ কেজি স্বর্ণ ও ৩৭ কেজি রুপা রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ভারতের এনডিটিভি।
কে এস ঈশ্বরাপ্পার দুটি বাসভবন, তার মালিকানাধীন দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি বাণিজ্যিক কার্যালয়সহ আটটি ভবনে তল্লাশি চালিয়ে এসব সম্পদ উদ্ধার করা হয়। বাসভবন দুটি ব্যাঙ্গালোর ও শিমোগা শহরে অবস্থিত।
এছাড়া তার ঘনিষ্ট সহযোগী এন সোমাশেখরের বাসভবনেও তল্লাশি চালানো হয়।
গত ১৫ ডিসেম্বর শিমোগার একটি আদালতে করা একটি অভিযোগে জানানো হয়, কর্নাটকের বিজেপি প্রধান এবং রাজ্যের রাজস্ব ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ঈশ্বরাপ্পা, তার ছেলে কানথেশ কে ই এবং পুত্রবধূ শালিনীর সম্পদের পরিমাণ তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন সংস্থা একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করে। এ তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
তবে এসব তদন্তে ‘ভীত নন’ বলে জানিয়েছেন ঈশ্বরাপ্পা। ইতোমধ্যে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বিক্ষোভ পালন করেছে ভারতীয় জনতা দলের শিমোগা জেলা শাখা। এছাড়া নিজ দলের কাছ থেকেও পদত্যাগের প্রস্তাব পেয়ে তা প্রত্যাখ্যান করেছেন ঈশ্বরাপ্পা।
