ধর্ষকদের শাস্তি দ্রুততম সময়ে: মনমোহন
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনায় উত্তাল আন্দোলনের প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
টেলিভিশনে দেওয়া সংক্ষিপ্ত এক ভাষণে মনমোহন বলেন, “তিন কন্যা সন্তানের জনক হিসেবে আমার মানসিক অবস্থা আপনাদের মতোই।”
তিনি আরো বলেন, “যত দ্রুত সম্ভব আমরা এই অপরাধের যথাযথ আইনি নিষ্পত্তি ঘটাবো
এবং আইনি প্রক্রিয়ার প্রতিটি পদক্ষেপ আমরা জনগণকে অবহিত করবো।”
তিনি সমাজের সর্বস্তরের জনগণকে শান্তি রক্ষার আহ্বান জানিয়ে সবার প্রতি সরকারের উদ্যোগকে সফল করতে সহায়তা করারা আহ্বান জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
এর আগে এই ঘটনার প্রতিবাদে রাষ্ট্রপতি ভবনের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে ইন্ডিয়া গেইট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এছাড়াও বিক্ষোভ ঠেকাতে দিল্লি গেটের কাছাকাছি ৯টি মেট্রো স্টেশন সোমবার বন্ধ রাখা হয়েছে।
বিক্ষোভকারীদের প্রতিনিধি দলের সঙ্গে ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধি নিজ বাসভবনে বৈঠক করেছেন। সোনিয়ার ছেলে ও কংগ্রেসের অন্যতম সেক্রেটারি রাহুল গান্ধিও এতে অংশ নেন।
১৬ ডিসেম্বর মারধর ও ধর্ষণের পর দিল্লির ব্যস্ত রাস্তায় চলন্ত বাস থেকে ফেলে দেয়া হয় এক তরুণীকে। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়।
ধর্ষকদের মৃত্যুদণ্ড এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে গত সপ্তাহজুড়ে মিছিল, সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করে বিক্ষোভকারীরা।
ওই ঘটনায় পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। মেডিকেলের ছাত্রী সেই তরুণী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ভারতীয় গণমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী, দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার নয়া দিল্লিতেই সবচেয়ে বেশি যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশের নথিপত্র অনুযায়ী, দিল্লির থানাগুলোতে প্রতি ১৮ ঘণ্টায় একটি ধর্ষণ এবং প্রতি ১৪ ঘন্টায় একটি যৌন নিপীড়নের ঘটনা নথিভুক্ত হয়।
