নাইজেরিয়ায় এয়ারটেলের দপ্তরে আত্মঘাতী বোমা হামলা
ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠি বোকো হারামের সদস্যদের ধরতে ফোন কোম্পানিগুলো সহায়তা করছে এই অভিযোগে ইতিপূর্বে ফোন কোম্পানির টাওয়ার ও দপ্তর উড়িয়ে দিয়েছিল গোষ্ঠিটি।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কানোতে দুটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের দপ্তরে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়েছে। এতে হামলকারীরা নিহত হলেও কোনো বেসামরিক নাগরিক নিহত হয়নি।
শনিবার হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মোবাইল ফোন সেবাদানকারী ভারতীয় প্রতিষ্ঠান এয়ারটেল ও দক্ষিণ আফ্রিকান প্রতিষ্ঠান এমটিএন’র দপ্তর লক্ষ্য করে হামলা দুটি চালানো হয়েছে।
ইসলামপন্থী বিদ্রোহী গোষ্ঠি বোকো হারামের সদস্যদের ধরতে ফোন কোম্পানিগুলো সহায়তা করছে এই অভিযোগে ইতিপূর্বে ফোন কোম্পানির টাওয়ার ও দপ্তর উড়িয়ে দিয়েছিল গোষ্ঠিটি।
কানোর পুলিশ প্রধান ইব্রাহিম ইদ্রিস জানান, এয়ারটেল দপ্তরে বোমা বিস্ফোরণের আগে হামলাকারীকে সেনা সদস্যরা গুলি করেছিল আর এমটিএন দপ্তরের বেড়ার ওপর গাড়িটি আঘাত করায় কোনো বেসামরিক নাগরিক নিহত হননি।
দুটি গাড়িবোমাই বিস্ফোরিত হয়েছে বলে জানান তিনি।
এমটিএন এবং এয়ারটেল নাইজেরিয়ার মূল কোম্পানি ভারতী এয়ারটেল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
২০০৯ সালে মুসলিম প্রধান উত্তরাঞ্চলে নাইজেরিয়ার সরকারের বিরুদ্ধে বোকো হারামের লড়াই শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার ৮শ’ মানুষ নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে।
