২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমার সফরে যাচ্ছেন ওআইসি’র প্রতিনিধিরা

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইসলামী দেশগুলোর সংস্থা ওআইসি’র উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল শিগগিরই মিয়ানমার যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের অবস্থা দেখতে ইসলামী দেশগুলোর সংস্থা ওআইসি’র উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল শিগগিরই মিয়ানমার যাবে।

শনিবার আরব নিউজকে একথা জানিয়েছেন ওআইসির মহাসচিব ইকমেলেদ্দিন ঈশানগ্লু।

প্রতিনিধিদলে ওআইসি’র সদস্য রাষ্ট্রগুলোর কয়েকজন পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

মিয়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের আমন্ত্রণেই ওআইসি’র প্রতিনিধিদল দেশটিতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন তিনি।

আরব নিউজ কে তিনি বলেন, “মিয়ানমার সফরের পূর্বপরিকল্পনা বাতিল করিনি আমরা, দেশটির নিরাপত্তাহীন পরিস্থিতির জন্য তখন সফর স্থগিত করা হয়েছিল।”

১৯৮২ সালে এক আইনের মাধ্যমে মিয়ানমারে প্রায় দশলাখ রোহিঙ্গার নাগরিকত্ব বাতিল করা হয়। এদের অধিকাংশই দেশটির রাখানই রাজ্যের বাসিন্দা।

রোহিঙ্গাদের প্রতিবেশী বাংলাদেশ থেকে আগত “বাঙালি অভিবাসী” বলে অভিহিত করে নাগরিকত্ব দিতে অস্বীকার করে মিয়ানমার সরকার।

জাতিসংঘ বলছে, বিশ্বের সবচেয়ে নির্যাতিত জাতিগুলোর মধ্যে রোহিঙ্গারা অন্যতম।

জুনে মুসলিম প্রধান সংখ্যালঘু রোহিঙ্গাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ রাখাইনদের সংঘাত শুরু হয়। বছরের বাকি সময়ে আরো কয়েকবার রক্তক্ষয়ী সাম্প্রদায়িক ও জাতিগত দাঙ্গায় জড়িয়ে পড়ে জাতি দুটি।

এতে অন্তত ৮০ জন মানুষ, যাদের অধিকাংশই রোহিঙ্গা নিহত হয় ও কয়েক হাজার মানুষ, যাদের বেশিরভাগ রোহিঙ্গা, বাস্তুচ্যুত হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের গ্রহণ করতে অস্বীকার করে অতিরিক্ত জনসংখ্যার ভারে জর্জরিত প্রতিবেশী বাংলাদেশে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য আহ্বান জানায় ঢাকা।

রাখাইন রাজ্যের সহিংসতা মিয়ানমারের সংস্কারবাদী থিয়েন সেইন সরকারের সাফল্য আড়াল করে ফেলে। ওআইসি ও আন্তজর্তিক সম্প্রদায়ের অন্যান্য প্রতিনিধিরা সমস্যা রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপও দাবী করে।