২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নতুন করে বিক্ষোভের ডাক

মিশরে প্রথম দফা গণভোটের পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থিত সংবিধানের বিরুদ্ধে নতুন করে দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে বিরোধীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2012, 07:31 PM

Updated : 24 Aug 2022, 12:39 PM

মিশরে প্রথম দফা গণভোটের পর প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থিত সংবিধানের বিরুদ্ধে নতুন করে দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে বিরোধীরা।

বিরোধীদলীয় ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট গণভোটে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে আয়োজকদেরকে তা তদন্তের আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে দ্বিতীয় দফা গণভোট সঠিকভাবে তদারক করারও দাবি জানিয়েছে তারা।

গণভোটে জালিয়াতি ঠেকানো এবং অনাকাঙ্খিত খসড়া সংবিধানের অবসান ঘটাতেই মঙ্গলবার মিশরজুড়ে এ বিক্ষোভ ডেকেছে স্যালভেশন ফ্রন্ট।প্রথম দফা গণভোট পুনরায় অনুষ্ঠানের জন্যও তারা আয়োজকদের আহ্বান জানিয়েছে।

ঊর্ধ্বতন বিরোধীদলীয় রাজনীতিবিদ মোহাম্মদ এল বারাদি তার টুইটার একাউন্টে গণভোট বাতিলের আহ্বান জানিয়েছেন এবং বিরোধ নিষ্পত্তি করতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন।

গত শনিবার মিশরে বিতর্কিত সংবিধান অনুমোদন প্রশ্নে অনুষ্ঠিত প্রথম দফা গণভোটে ৫৭ শতাংশ হ্যাঁ ভোট পড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।এ ভোট প্রেসিডেন্ট মুরসির দল যা আশা করেছিল তার চে কম।

খুব সামান্য ব্যবধানে সংবিধানের পক্ষের ভোট জয়ী হয়েছে প্রথমদফায়। ফলে সংবিধানের বিপক্ষের মানুষের সংখ্যাও নেহাত উড়িয়ে দেয়ার মতো নয়।

তবে বিশ্লষকরা বলছেন, আগামী সপ্তাহে দ্বিতীয় দফা গণভোটেও ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।কারণ, এমন সব এলাকায় দ্বিতীয় দফা ভোট অুষ্ঠিত হবে যেখানে ইসরামপন্থীদের সমর্থন বেশি। তার মানে এ খসড়া সংবিধানটি অনুমোদিত হওয়ার সম্ভাবনাই বেশি।

কিন্তু গণভোটে জিতলেও মুরসির সরকার স্বস্তি পাবে না। কারণ দেশটির ভঙ্গুর অর্থনীতিকে দাঁড় করাতে চাইলে তার প্রয়োজন জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা। কিন্তু এ খসড়া সংবিধান ইস্যুতে মিশরবাসী স্পষ্টতই দু’ভাগে ভাগ হয়ে গেছে।

ইসলামপন্থী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্টে অনুমোদিত খসড়া সংবিধানটি অতিরিক্ত ইসলামপন্থী এবং এতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হয়নি বলে এর বিরোধিতা করে আসছে বিরোধীরা। মিশরের ১০ শতাংশ অধিবাসী ক্রিস্টান ধর্মাবলম্বী।

প্রাণঘাতী বিক্ষোভের পর গত শনিবার অনুষ্ঠিত গণভোটে কোন উচ্ছ্বাস দেখা যায়নি। গত ২২ নভেম্বর ডিক্রি জারি করে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি ও এরপর তড়িঘড়ি করে পার্লামেন্টে খসড়া সংবিধান অনুমোদন করায় মিশর জুড়ে বিক্ষোভ শুরু হয়।

পরিস্থিতি সামাল দেয়ার জন্য ডিক্রি বাতিল করলেও খসড়া সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তে অটল থাকেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।