জাপানে চলছে সাধারণ নির্বাচন
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার দল ডেমোক্রেটিক পার্টিকে পরাজিত করতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে রোববার। স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত ৮টা পর্যন্ত। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৮০টি আসনের সবগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন।
শেষমুহুর্তেও বেশিরভাগ ভোটার কাকে ভোট দিতে যাচ্ছেন তা নিয়ে দ্বিধায় ছিলেন বলে রোববার জানিয়েছে বিবিসি।
তবে নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের দল লিবারাল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার দল ডেমোক্রেটিক পার্টিকে পরাজিত করতে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
৫৮ বছর বয়সী আবে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৯ সালে অসুস্থতার কারণ দেখিয়ে তার পদত্যাগের মধ্য দিয়ে ৫০ বছরের বেশি সময় ধরে জাপানে লিবারাল ডেমোক্রেটিক পার্টির শাসন শেষ হয়।
২০০৯ থেকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পরিবর্তিত হওয়ার পরে জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইয়োশিহিকো নোদা।
ইয়োশিহিকো নোদা ক্ষমতা গ্রহণের সময় ২০১১ সালে ভূমিকম্প ও সুনামির পরে জাপানের বিধ্বস্ত অর্থনীতিকে বাঁচানো ও সামাজিক নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও তাতে ব্যর্থ হন তিনি। এছাড়া জাপানের বিপুল ঋণ থেকে মুক্তির পথ হিসেবে বিক্রয় কর বৃদ্ধি করার কারণেও তিনি জনপ্রিয়তা হারান।
এদিকে সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে আরো ইতিবাচক পররাষ্ট্রনীতির প্রতিশ্রুতি দিয়েছেন শিনজো আবে। তবে দক্ষিণ চীন সাগরে কিছু দ্বীপের উপর চীনের মালিকানা দাবির ব্যাপারে কঠোর অবস্থান ধরে রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।
এছাড়া জনগণের উন্নয়নের জন্য ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
সাম্প্রতিক কিছু জরিপে দেখা যায়, ঐতিহ্যবাহী মিত্রদল নিউ কিমোনো পার্টিকে সঙ্গে পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে আবের দল এলডিপি।
