২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ার বিমানবন্দরে তালেবান হামলা, নিহত ৯

পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান। এতে হামলাকারী ৫ তালেবানসহ ৯ জন নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2012, 07:04 AM

Updated : 24 Aug 2022, 12:39 PM

পাকিস্তানের পেশোয়ার বিমানবন্দরে ভয়াবহ আত্মঘাতী হামলা চালিয়েছে তালেবান। এতে হামলাকারী ৫ তালেবানসহ ৯ জন নিহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার পেশোয়ার বিমানবন্দরে গাড়িবোমা, রকেট ও আগ্নেয়াস্ত্র নিয়ে তালেবান জঙ্গিরা হামলা চালায়।
পাকিস্তানি বিমান বাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন তারিক মাহমুদ এক বিবৃতিতে জানিয়েছেন, “কোনো সন্ত্রাসী ভেতরে প্রবেশ করতে পারেনি।”

ওই বিবৃতিতে আরো বলা হয়, “নিরাপত্তা বাহিনী পূর্ণমাত্রায় সতর্ক ছিল। পুরো পরিস্থিতিই তাদের নিয়ন্ত্রণে রয়েছে।”
আত্মঘাতী বিস্ফোরক শরীরে বেঁধে হামলাকারী দলটি গাড়িবোঝাই বিস্ফোরক নিয়ে বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছে আসে। এরপর তারা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়।

প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি অব্যাহত থাকে। এ সময় নিকটবর্তী আবাসিক এলাকার কাছে তিনটি রকেট বিস্ফোরণ ঘটানো হয়।

স্বাস্থ্য ও পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অন্ততপক্ষে ৪ জন বেসামরিক নাগরিক এই হামলায় নিহত হয়েছেন। বিস্ফোরণ ও গুলিতে আহত হয়েছেন ৪৫ জন।

হামলার সময় কর্তৃপক্ষ বিমানবন্দর এলাকা বন্ধ করে দেয় এবং বিমান চলাচলও স্থগিত করে। কোনো হামলাকারী ভিতরে প্রবেশ করে কি না তা বোঝার জন্য যাত্রী ও বিমানবন্দরের স্টাফরা অপেক্ষা করছিলেন।

দ্রুতই পাকিস্তানি সেনা বাহিনী সেখানে পৌঁছে এবং তাদের সঙ্গে লড়াইয়ে হামলাকারী ৫ জনই নিহত হয়।

এরআগে চলতি বছরের অগাস্টে পাঞ্জাবের কামরায় মিনহাস বিমান ঘাঁটিতে জঙ্গিরা একই ধরনের আত্মঘাতী হামলা চালায়। সেখানেও তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে ব্যর্থ হয়। কিন্তু কয়েকঘণ্টা নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে লড়াই চলে।

পেশোয়ারের এই বিমান বন্দরের রানওয়েটি বাণিজ্যিক ফ্লাইট ও সেনা বিমান ওঠা-নামায় ব্যবহৃত হয়। এমন কি সমর কপ্টার ও বিমানও এই রানওয়ে ব্যবহার করে আফগান সীমান্তবর্তী পার্বত্যাঞ্চলের তালেবান লক্ষ্যস্থলে হামলা চালিয়ে থাকে।

তালেবান মুখপাত্র এহসানুল্লাহ এহসান অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে এই হামলার দায় স্বীকার করে জানান, তারা ১০ জন আত্মঘাতী হামলাকারীকে পাঠিয়েছিলেন। এই সংখ্যা নিরাপত্তাবাহিনীর দাবি করা হামলাকারীদের সংখ্যার দ্বিগুণ।

তিনি আরো জানান, “আমাদের হামলার লক্ষ্য ছিল পাকিস্তানি বিমান বাহিনীর ঘাঁটি, পেশোয়ার বিমানবন্দর নয়।

পাকিস্তানি তালেবান প্রায়ই দেশটির বিভিন্ন সেনা স্থাপনা ও সেনা সদস্যদের ওপর হামলা চালিয়ে থাকে। গত বছর আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের হত্যার বদলা নিতে ছয় সদস্যের একটি দল পাকিস্তানের সর্ববৃহৎ শহর করাচিতে নৌবাহিনী স্থাপনায় সশস্ত্র হামলা চালায়। এতে অন্ততপক্ষে ১০ সেনা নিহত হয়।