আসাদকে সরাতে মস্কোর সাহায্য কামনা
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ত্যাগ করে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিদ্রোহী নেতারা।
প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা ত্যাগ করে সিরিয়ার গৃহযুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিদ্রোহী নেতারা।
সিরিয়ার গৃহযুদ্ধে বিদ্রোহীরা জয়ী হতে পারে বলে বৃহস্পতিবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ মন্তব্য করার পর মস্কোর প্রতি এ আহ্বান জানায় ওই দুটি পক্ষ।
এর প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “শেষ পর্যন্ত বাস্তবতা উপলব্ধি করার জন্য আমরা রুশ সরকারের প্রশংসা করতে চাই। এখন প্রশ্ন হলো, সিরিয়ার গণতান্ত্রিক উত্তরণ মসৃণ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে রাশিয়া যুক্ত হবে কিনা?”
সিরিয়ার একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের স্বীকৃতি পাওয়া সিরিয়ার সরকার বিরোধী জোটের নেতা মুয়াজ আল খতিব বলেন, “আমি বিশ্বাস করি রাশিয়া বুঝতে পারছে তারা সরকারের সঙ্গে জড়িয়ে পড়েছে কিন্তু এখান থেকে বের হওয়ার রাস্তা পাচ্ছে না।”
আসাদকে অস্ত্র দিয়ে সাহায্য করার জন্য রাশিয়াকে সরাসরি দায়ী করেন তিনি। এরপরও বলেন, “পক্ষ পরিবর্তন করলে সিরিয়ায় রাশিয়ার সবকিছু হারাতে হবে না।”
গত বছর সংঘটিত লিবিয়ার যুদ্ধের পর থেকেই পশ্চিমা উদ্যোগের বিষয়ে সন্দিগ্ধ হয়ে আছে রাশিয়া। তারা মনে করে, অপছন্দের নেতৃত্ব পাল্টানো জন্য জাতিসংঘকে ব্যবহার করে উদ্দেশ্য হাসিল করছে পশ্চিমা দেশগুলো।
এ কারণে সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে জাতিসংঘে আনা প্রস্তাবগুলোরও বিরোধিতা করে রাশিয়া।
কিন্তু মস্কোতে বোগদানভ বলেছেন, “ঘটনার মধ্যেই প্রকৃত কারণ খুঁজতে হবে। দুর্ভাগ্যবশত, সিরিয়ার বিরোধীপক্ষের জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিরিয়ার সরকার একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে।”
প্রয়োজন মতো রাশিয়ার নাগরিকদের সিরিয়া থেকে সরিয়ে নেওয়ার জন্য রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বলেও এ সময় জানান তিনি।
