কারাকাস, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তৃতীয় দফা অস্ত্রোপচারের পর শরীরে ক্যান্সার ধরা পড়ায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ বলেছেন, তার ‘কিছু’ হয়ে গেলে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই হবেন তার উত্তরসূরি।
শনিবার রাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদ থেকে জাতির উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মাদুরোকে সমর্থনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান হুগো শ্যাভেজ।
চতুর্থ দফা অস্ত্রোপচারের জন্য রোববার কিউবায় পৌঁছেছেন ৫৮ বছর বয়সী এ কমিউনিস্ট নেতা।
প্রেসিডেন্টের ওই ঘোষণায় মর্মাহত হয়ে পড়েন তার সমর্থকরা।
ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আগে ছিলেন বাস চালক। শ্রমিক নেতার ভূমিকাও পালন করেন তিনি।
গত অক্টোবরে ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। ২০০৬ সালে পররাষ্ট্রমন্ত্রী হন মাদুরো।
বন্ধুত্বপূর্ণ আচরণ, সাধারণ পারিবারিক অবস্থা ও শ্যাভেজের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ভেনেজুয়েলায় মাদুরোর জনপ্রিয়তা রয়েছে।
এর আগে কিউবায় তিন দফা অস্ত্রোপচার হয় শ্যাভেজের। গত মে মাসে নিজের পুরোপুরি সুস্থ হওয়ার ঘোষণা দেন তিনি।
চিকিৎসা নিয়ে ফেরার পর গত অক্টোবরে চতুর্থবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন শ্যাভেজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২২২৫ ঘ.
bdnews24