২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালালাকে দেখতে হাসপাতালে জারদারি

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মালালার অবস্থা ‘ভালো’। এরআগে জানানো হয়েছিল, মালালার খুলির ফ্যাকচার ও চোয়ালের হাড় সেরে যাচ্ছে। তবে তার আবারো অস্ত্রোপচারের প্রয়োজন হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2012, 04:31 AM

Updated : 24 Aug 2022, 12:38 PM

বার্মিংহাম (লন্ডন), ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যের বার্মিংহাম হাসপাতালে চিকিৎসাধীন কিশোরী অধিকারকর্মী মালালা ইউসুফজাইকে দেখতে গিয়েছিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। শনিবার তিনি ব্যক্তিগতভাবে মালালাকে দেখতে হাসপাতালে যান। এ সময় তার মেয়ে আসিফা ভুট্টোও তার সঙ্গে ছিলেন। ১৫ বছর বয়সী মালালা পাকিস্তানিদের তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করেন। তালেবান দেশটিতে নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে মালালা তার প্রতিবাদ করেন। এরই জেরে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় চলতি বছরের অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে খুব কাছ থেকে গুলি করে তালেবান জঙ্গিরা। এই ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। মাথায় ও ঘাড়ে গুলিবিদ্ধ মালালাকে গুরুতর অবস্থায় লন্ডনের বার্মিংহামে এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি ধীরে ধীরে সুস্থ্য হয়ে উঠছেন। এই বার্মিংহাম হাসপাতালেই আফগানিস্তানে আহত শত শত ব্রিটিশ সেনাকে বিশেষ চিকিৎসা দেওয়া হয়েছে। মালালার এই ঘটনায় বিশ্বনেতারা তার আন্দোলনে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেন। প্রায় আড়াই লাখেরও বেশি মানুষের সই সহ একটি অনলাইন আবেদনে মালালাকে তার কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। হাসপাতালে মালালাকে দেখতে যাওয়ার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জারদারি বলেন, মালালা ইউসুফজাই “একজন অসাধারণ নারী এবং অবশ্যই পাকিস্তানের গর্ব”। জারদারি সেখানে পাঁচ মিনিট অবস্থান করেন। এ সময় মালালার বাবা ও তার দুই ভাইও সেখানে ছিলেন। হাসপাতালে যাওয়ার পর কর্তৃপক্ষ জারদারিকে মালালার অবস্থা সম্পর্কে অবহিত করেন। তবে সংবাদমাধ্যমকে কোনো কথা না বলেই জারদারি হাসপাতাল ত্যাগ করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মালালার অবস্থা ‘ভালো’। এরআগে জানানো হয়েছিল, মালালার খুলির ফ্যাকচার ও চোয়ালের হাড় সেরে যাচ্ছে। তবে তার আবারো অস্ত্রোপচারের প্রয়োজন হবে। যুক্তরাজ্য ও ফ্রান্স সফররত প্রেসিডেন্ট জারদারি প্যারিসে ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের “স্ট্যান্ড আপ ফর মালালা: গার্লস রাইট টু এডুকেশন” শীর্ষক এক অনুষ্ঠানেও অংশ নেবেন। ইউনেসকো ও পাকিস্তান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১২ ঘ.