২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ভিক্ষু আহত হওয়ায় সরকারের ক্ষমা প্রার্থনা

ওই ঘটনায় দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচির প্রতি ঘটনার তদন্তে গঠিত সরকারি তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট থিয়েন সেইনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2012, 08:50 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ইয়াঙ্গুন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিয়ানমারে তামা খনি সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলনকালে পুলিশি পদক্ষেপে আহত বৌদ্ধ ভিক্ষুদের কাছে ক্ষমা চেয়েছে দেশটির সরকার। গত মাসে খনিটির সামনে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের পুলিশ হটাতে গেলে ভিক্ষুসহ অনেক আন্দোলনকারী আহত হয়। শুক্রবার রাতে মিয়ানমারে রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ধর্মমন্ত্রী মিয়ান্ত- মাউঙ্গ ২৯ জন ভিক্ষুর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। ঘটনার জন্য পুলিশও ক্ষমা চেয়েছে বলে এ সময় জানান তিনি। তিনি বলেন, “ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তামার খনির ঘটনায় ভিক্ষুসহ নিরাপরাধ কয়েকজন ও অন্যান্যরা আহত হওয়ায় জড়িত ওই পুলিশ সদস্যরা আন্তরিক দুঃখিত।” এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি। আন্দোলনকারীরা জানিয়েছে, মনিওয়া তামার খনির সামনে তাদের অবস্থানে পুলিশি হস্তক্ষেপের ফলে অন্ততপক্ষে ৫০ জন আন্দোলনকারী আহত হয়। আহতদের মধ্যে ২০ জনেরও বেশি বৌদ্ধ ভিক্ষু ছিলেন। এদের অনেকেই আগুনে দগ্ধ হয়ে আহত হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেছে, পুলিশের ছোঁড়া আগুনে বোমার কারণেই এরা অগ্নিদগ্ধ হয়। গত ২৯ নভেম্বর উত্তরপশ্চিম মিয়ানমারের সাগাইং এলাকার ওই খনিতে এ ঘটনা ঘটে। মিয়ানমারের সেনাবাহিনীর মালিকানাধীন ইউনিয়ন অব মিয়ানমার ইকোনোমিক হোল্ডিংস লিমিটেড চীনের অস্ত্র নির্মাতা কোম্পানি নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এর একটি অংশের সঙ্গে যৌথভাবে খনিটি পরিচালনা করে। খনি সম্প্রসারণের বিরুদ্ধে আন্দোলনরত স্থানীয় গ্রামবাসীরা খনিটির সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকে। কিন্তু তাদের অবস্থান থেকে সরাতে দাঙ্গা পুলিশ ব্যবস্থা নিলে আন্দোলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে ভিক্ষু আহত হওয়ার ঘটনায় দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ শুরু করে বিক্ষুব্ধ ভিক্ষুরা। এর পরপরই দেশটির বিরোধীদলীয় নেত্রী অং সাং সুচির প্রতি ঘটনার তদন্তে গঠিত সরকারি তদন্ত দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্ট থিয়েন সেইনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৬ ঘ.