টোকিও, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের উত্তরপূর্বাঞ্চলে শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ্রর প্রভাবে উপকূলীয় এলাকা মিয়াগির উপকূলীয় এলাকায় এক মিটার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়।
তবে এ ঘটনায় কারো নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপকূলীয় এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। তবে ভূমিকম্পের দুই ঘণ্টা পর সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়।
২০১১ সালের মার্চের ৯ মাত্রার ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে জাপানের এই উপকূলীয় এলাকায় প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্র যেখান থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় পরমাণু সংকট সৃষ্টি করে।
ইউএস জিওলজিকাল সার্ভে জানায়, জাপানের স্থানীয় সময় শুক্রবার বিকাল ৫টা ১৮ মিনিটে এ ভূমিকম্প হয়। জাপানের কামিয়াশি এলাকার ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ছিল এর কেন্দ্রস্থল।
ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ২ মাত্রার একটি পরাঘাত হয়। ৫টা ৩১ মিনিটে উপকূলীয় শহর ওফুনাতোতে অনুভূত হয় এটি।
উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প হলেও রাজধানী টোকিওতে তা অনুভূত হয়।
ভূমিকম্পের পর মিয়াগির ইশিনোমাকি শহরে এক মিটার উঁচু সাগরের পানি ঢুকে যায়। এতে বন্ধ মিয়াগির সব রেল চলাচল হয়ে যায় এবং বন্ধ হয়ে যায় সেন্দাই বিমানবন্দর।
এ ঘটনায় মিয়াগিতে পাঁচ জন সামান্য আহত হয়।
ভূমিকম্পের পর ফুকুশিমা পারমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়।
ভূমিকম্পের পর সুনামির আতঙ্ক নিয়ে ইশিনোমাকির বাসিন্দা চিকাকো ইওয়াই বলেন, “ভূমিকম্পের সময় আমি শহরের মধ্যে ছিলাম। দ্রুতই আমি গাড়ির মধ্যে ঢুকে যাই এবং পাহাড়ের দিকে গাড়ি চালাতে থাকি।”
গত বছরের ভূমিকম্পে মিয়াগির এই ইশিনোমাকি শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষত এখনও সেরে উঠেনি। এখনো পড়ে রয়েছে ভাঙাচোরা অনেক ঘর-বাড়ি।
ভূমিকম্পের কারণে আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনী প্রচার বাতিল করে কার্যালয়ে ফিরে যান প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/এএইচ/এসইউ/২০২২ ঘ.
bdnews24