২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক অস্ত্রের বুলি ‘আগ্রাসনের পাঁয়তারা’: সিরিয়া

সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমা বিশ্বের আশঙ্কা আসলে দেশটিতে ‘সামরিক আগ্রাসনের পাঁয়তারা’। সিরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ এ মন্তব্য করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 04:40 PM

Updated : 24 Aug 2022, 12:36 PM

বৈরুত, ঢাকা ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে পশ্চিমা বিশ্বের আশঙ্কা আসলে দেশটির ওপর ‘সামরিক আগ্রাসনের পাঁয়তারা’। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ। তিনি বলেন, “সিরিয়া আবারো বলছে, আমরা দশ বার, একশ’ বার বলেছি, আমাদের কাছে যদি এমন অস্ত্র থাকেও তা আমরা নিজেদের মানুষের ওপর প্রয়োগ করব না। আমরা আত্মহত্যা করব না।” লেবাননের আল মানার টিভিতে মাকদাদ বলেন, সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্ততি নিচ্ছে- এ সম্পর্কিত পশ্চিমা প্রতিবেদনগুলো ‘হুমকি’ ছাড়া আর কিছুই নয়। “আমাদের আশঙ্কা, সিরিয়ার ওপর চাপসৃষ্টিকারী দেশগুলো সিরিয়ায় আগ্রাসনের পট প্রস্তুত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের কিছু দেশ সিরিয়ার সন্ত্রাসী সংগঠনগুলোর হাতে এ ধরনের অস্ত্র সরবরাহ করে আমাদের ওপর এসব অস্ত্র ব্যবহারের দায় চাপানোর ষড়যন্ত্র করছে বলেও আমরা শঙ্কিত”, বলেন তিনি। বৃহস্পতিবার তুরস্ক সীমান্তে জার্মানি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও নেটো সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়ায় সিরিয়ার আশঙ্কা, তাদের আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণা করা হতে পারে। এ আশঙ্কার মুখেই ওই মন্তব্য করলেন মাকদাদ। তবে নেটো বলে আসছে তুরস্ক সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলেও সিরিয়ার আকাশ সীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হবে না। সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর কাছে প্রায় কোণঠাসা হয়ে পড়ায় ‘মরিয়া’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। এ ধরনের ঘটনা ঘটলে তা সীমা ছাড়িয়ে যাবে এবং এজন্য প্রেসিডেন্ট আসাদকে জবাবদিহি করতে হবে বলে বুধবার মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। হিলারি বলেন, “ক্রমশঃ মরিয়া হয়ে ওঠা আসাদ সরকার যেকোনো সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বসতে পারেন, অথবা বর্তমানে সিরিয়ায় সক্রিয় কোনো পক্ষের কাছে এসব অস্ত্রের নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা করছি আমরা।” সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেয়া হচ্ছে, সম্প্রতি এমন তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। বিষাক্ত গ্যাসসহ বিভিন্ন রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি সিরিয়া। সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কের সীমান্তে আকাশসীমার নিরাপত্তায় ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নেটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২১৭ঘ.