২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদ সুরক্ষায় সেনাবাহিনী

মিশরে প্রাণঘাতী সংঘর্ষের পর প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশ বেষ্টনী দিয়ে ঘিরে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে এলাকাটি সুরক্ষিত রাখার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 10:08 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

কায়রো, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে প্রেসিডেন্ট মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট ভবন সুরক্ষিত রাখতে আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয়াসহ বেষ্টনী দিয়ে প্রাসাদ ঘিরে রেখেছে রিপাবলিকান গার্ড বাহিনী। বুধবার কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে ইসলামপন্থীদের সংঘর্ষে অন্তত ৭ জন নিহত ও ৩৫০ জন আহত হয়েছে। প্রেসিডেন্ট সমর্থক ইলামপন্থীরা সেখান থেকে সরে গেলেও বিরোধীরা প্রাসাদের সামনে আরো বিক্ষোভ করবে বলে জানায়। স্থানীয় সময় বিকাল ৩টার মধ্যে সমর্থক ও বিক্ষোভকারীদের প্রেসিডেন্ট প্রাসাদের সামনে থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রিপাবলিকান গার্ডরা। মিশরীয় সেনাবাহিনীর এ শাখাটির দায়িত্ব প্রেসিডেন্ট ভবনের নিরাপত্তা রক্ষা করা। গত বছর প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের লক্ষ্যে গণঅভ্যুত্থানের সময় গুরুত্বর্পূ ভূমিকা পালন করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া অন্তবর্তীকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে তারা। কিন্তু চলমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করেনি সেনারা। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে ট্যাঙ্ক ও শসস্ত্র সেনা মোতায়েন করা হয়। প্রাসাদের চারপাশের রাস্তাগুলোতে টহল দিচ্ছে সশস্ত্র সেনাযানও। প্রাসাদকে সুরক্ষিত রাখতে চলছে এ টহল। এ এলাকাটিই হয়ে উঠেছিল মুরসির সমর্থক ও বিরোধীদের মধ্যকার লড়াইক্ষেত্র। প্রেসিডেন্টের গার্ড এবং রিপাবলিকান গার্ড বাহিনীর ব্যাজধারী সেনারা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে। প্রেসিডেন্ট প্রাসাদের কাছে এবং চারপাশ ঘিরে রয়েছে অন্তত ৫ টি ট্যাঙ্ক এবং ৯ টি শসস্ত্র সেনা যান। ওদিকে, খসড়া সংবিধানের বিতর্কিত অংশগুলো সংশোধন করার ব্যাপারে আলোচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মিশরীয় ভাইস প্রেসিডেন্ট মাহমুদ মাক্কি। তবে ১৫ ডিসেম্বর নির্ধারিত গণভোট অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন। “আর স্বৈরশাসন নয়” বলে স্লোগান দেয় মুরসি বিরোধিরা। অন্যদিকে “মুরসিকে সমর্থনই ইসলামকে সমর্থন” বলে পাল্টা স্লোগান দিতে থাকে মুরসি সমর্থকরা। বিরোধী দলগুলো সহিংসতার জন্য মুরসির দল মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেছে বলে জানিয়েছে বিবিসি। মিশরের নতুন খসড়া সংবিধানের ওপর আহূত গণভোটের প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে কায়রোয় প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে বিক্ষোভ শুরু করে প্রেসিডেন্ট বিরোধীরা। পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষ শুরু হলে প্রাসাদ ত্যাগ করেন মুরসি। বুধবার সকালে আবার প্রাসাদে ফিরেন তিনি। প্রস্তাবিত সংবিধানে ব্যক্তিস্বাধীনতা খর্ব করা হয়েছে এবং এতে ইসলামপন্থী দৃষ্টিভঙ্গি প্রাধান্য পেয়েছে অভিযোগ করে এর বিরোধিতা করছে দেশটির উদারপন্থী, বামপন্থী, খ্রিস্টানসহ অন্যান্য সরকার বিরোধীরা। গত ২২ নভেম্বর ব্যাপক ক্ষমতা অধিগ্রহণ করে একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি জারি করেন মুরসি। এই ডিক্রি জারিকে কেন্দ্র করে হোসনি মুবারকের পতনের পর আবারও উত্তাল হয়ে ওঠে মিশর। বিরোধীরা তাকে নতুন ‘ফারাও’ বলে অভিহিত করে একনায়ক হয়ে ওঠার চেষ্টা করছেন বলে অভিযোগ করে। এর প্রতিবাদে টানা আন্দোলন শুরু হয়। কিন্তু মুসরির ইসলামপন্থী সমর্থক প্রভাবিত সাংবিধানিক পার্লামেন্টে ‘তড়িঘড়ি’ করে খসড়া সংবিধান অনুমোদন করে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠিয়ে দেয়া হয়। এরপর সংবিধানের ওপর গণভোটের ডাক দেন প্রেসিডেন্ট মুরসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/বিসিএস/এলকিউ/২১৫৫ঘ.