বৈরুত/ব্রাসেলস, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর কাছে প্রায় কোণঠাসা হয়ে পড়া ‘মরিয়া’ প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র।
এ ধরনের ঘটনা ঘটলে তা সীমা অতিক্রম করবে এবং এজন্য প্রেসিডেন্ট আসাদকে জবাবদিহি করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
বুধবার ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
হিলারি বলেন, “ক্রমশঃ মরিয়া হয়ে ওঠা আসাদ সরকার যেকোনো সময় রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বসতে পারেন, অথবা বর্তমানে সিরিয়ায় সক্রিয় কোনো পক্ষের কাছে এসব অস্ত্রের নিয়ন্ত্রণ হারাতে পারে বলে আশঙ্কা করছি আমরা।”
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নেয়া হচ্ছে সম্প্রতি এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
বিষাক্ত গ্যাসসহ বিভিন্ন রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার আন্তর্জাতিক চুক্তিতে সই করেনি সিরিয়া।
তবে নিজেদের জনগণের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হবে না, এমনটাই বরাবর বলে আসছে সিরিয়া। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে পুনরায় এ কথা জানিয়েছেন আসাদ সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ।
সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কের সীমান্তে আকাশসীমার নিরাপত্তায় মিসাইল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। তবে গতবছর লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে সেনা পাঠালেও সিরিয়ায় সেনা পাঠানো কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ন্যাটো।
এদিকে সিরিয়ায় গত ২০ মাস ধরে চলে আসা গৃহযুদ্ধে আসাদ বাহিনীর মূল ঘাঁটি রাজধানী দামেস্কের আশেপাশের এলাকায় শক্ত অবস্থান তৈরি করেছে বিদ্রোহীরা।
আসাদবিরোধী বাহিনী বুধবার রাজধানী দামেস্ক থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত আকরাবা বিমান ঘাঁটির চারপাশ ঘিরে ফেলেছে বলে দাবি করেছেন হাবিব আল-মুস্তাফা ব্রিগেডের মুখপাত্র আবু নিদাল। ঘাঁটির ভেতরে থাকা সৈন্যদের অনেকে নিহত হয়েছে এবং বাকিরা পালিয়ে যেতে শুরু করেছে বলে জানান তিনি।
তবে ওই ঘাঁটিতে এখনো সেনাবাহিনীর শক্ত নিয়ন্ত্রণ রয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৪০ ঘ.
bdnews24