২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘কংক্রিটের শিল্পী’ নিয়েমেয়ার

বিশ শতকের পৃথিবীতে কংক্রিটের কাঠামোতে ঢেউ খেলানো যেসব স্থপত্যকীর্তি তিনি রেখে গেছেন, তার দিকে আরো বহুদিন বিষ্ময়ভরা চোখে তাকিয়ে থাকবে বিশ্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2012, 04:21 AM

Updated : 24 Aug 2022, 12:37 PM

ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আর সপ্তাহখানেক কাটিয়ে যেতে পারলে জীবনের ১০৫তম বসন্তের দেখা পেয়ে যেতেন তিনি। তবে বিশ শতকের পৃথিবীতে কংক্রিটের কাঠামোতে ঢেউ খেলানো যেসব ‘শিল্পকীর্তি’ তিনি রেখে গেছেন, তার দিকে আরো বহুদিন বিষ্ময়ভরা চোখে তাকিয়ে থাকবে বিশ্ব। বুধবার রিও ডি জেনেরোর একটি হাসপাতালে মারা গেছেন ব্রাজিলের বিখ্যাত স্থপতি অস্কার রিবেইরো ডি আলমেইদা নিয়েমেয়ার সোয়ারেস ফিলহো, যাকে মানুষ অস্কার নিয়েমেয়ার নামেই চেনে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, স্থাপত্যবিদ্যার লেখাপড়া শেষ করে ১৯৩০ এর দশকে নিয়েমেয়ার যখন কাজে নামেন, তখনো ব্রাজিলে ভবন নির্মাণ করা হতো ইউরোপের নিওক্লাসিক্যাল স্থাপত্যরীতির অনুকরণে। সৃজনশীল আর আধুনিক নকশায় ধীরে ধীরে সেই ধারাকে বদলে দিতে থাকেন নিয়েমেয়ার। এই স্থপতির সুনাম ছড়িয়ে পড়তে থাকে আন্তর্জাতিক অঙ্গনেও। দীর্ঘ সাত দশকের কর্মজীবনে নিউ ইয়র্কের জাতিসংঘ ভবনসহ ৬ শ’রও বেশি ভবনের নকশা এসেছে নিয়েমেয়ারের মস্তিষ্ক থেকে। তার স্বপ্নের নকশাতেই গড়ে উঠেছে আধুনিক ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। ১৯০৭ সালের ১৫ ডিসেম্বর জন্মগ্রহণ করা নিয়েমেয়ার রাজনৈতিক আদর্শে ছিলেন কমিউনিস্ট। কিউবার নেতা ফিদেল কাস্ত্রোর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। ব্রাজিলে সামরিক স্বৈরশাসনের দিনগুলোতে দেশ ছেড়ে প্যারিসে চলে যান নিয়েমেয়ার। সেখানেই শুরু হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার। মডার্নিস্ট ধারার এই স্থপতির নির্মাণ শৈলীর অন্যতম বৈশিষ্ট হলো ঢেউ খেলানো আর আঁকাবাঁকা কংক্রিটের নকশা। তার প্রিয় উক্তি ছিল, বড় একটি শূন্যস্থান কংক্রিট দিয়ে পূরণ করতে গেলে সুডৌল আর বাঁকের নকশার চেয়ে ভাল কিছু হয় না। আর এ ক্ষেত্রে নিয়েমেয়ারের অনুপ্রেরণা ছিল ‘পাহাড়, নদী আর ব্রাজীলীয় নারীদের বাঁকখেলানো দেহবল্লরী’। ব্রাজিলের এই স্থপতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার কাজ তোমার ভাল লাগতে পারে, নাও লাগতে পারে। তবে তুমি কখনোই বলতে পারবে না যে আগে কখনো এরকম কিছু তুমি দেখেছ।” তার এই বক্তব্যের প্রমাণ মেলে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ প্যালাসিয়া ডা আলভোরাদা, ক্যাথেড্রাল অব ব্রাসিলিয়া, ন্যাশনাল কংগ্রেস অব ব্রাজিল, ইবিরাপুয়েরা পার্ক, নিতেরোই কনটেমপোরারি আর্ট মিউজিয়ামের স্থাপত্য শৈলীতে। নিজের নকশায় নির্মিত অস্কার নিয়েমার জাদুঘরে ১০৩তম জন্মদিনটি পালন করেছিলেন এই স্থপতি। তার ৭২ বছরের কর্মজীবনে নির্মিত বিভিন্ন স্থাপত্যের নকশা ও ভবনের মডেল রাখা হয়েছে ওই যাদুঘরে। ১৯৮৮ সালে সম্মানজনক প্রিৎজকার পুরস্কারসহ সারা জীবনে বহু সম্মাননা পেয়েছেন এই স্থপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০১৫ ঘ.