জাতিসংঘ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনের মধ্য দিয়ে নতুন করে যুদ্ধপরাধের পরিকল্পনা করার জন্য ইসরায়েলকে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেছে ফিলিস্তিন।
পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে স্বীকৃতি পাওয়ার পর সোমবার জাতিসংঘে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের বিরুদ্ধে ফের যুদ্ধপরাধের পরিকল্পনা করার অভিযোগ করে বসতি স্থাপনের জন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করার এ দাবি জানায় ফিলিস্তিন।
জাতিসংঘে ফিলিস্তিন পর্যবেক্ষক রিয়াদ মানসুর এ চিঠিতে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, ইসরায়েল ‘সহিংস ও আগ্রাসীভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার বিপরীত আচরণ করছে।’
গত বৃহস্পতিবার ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্রে’ উন্নীত করে জাতিসংঘ। এরপরেই শুক্রবার পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে নতুন করে তিন হাজার বসতি স্থাপনের ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার পাঠানো এ চিঠিতে আরো বলা হয়, ইসরায়েলের এ অবৈধ পদক্ষেপ অতিসত্ত্বর বন্ধ করার জন্য দেশটিকে পরিষ্কার বার্তা পাঠানো প্রয়োজন। অন্যথায় তাদের সীমালঙ্ঘন ও শান্তিপ্রক্রিয়া ব্যাহতকারী এসব পদক্ষেপের ফলাফলের দায় স্বীকার করতে হবে।
পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধসহ অন্যান্য গুরুতর অপরাধের অভিযোগ নিয়ে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যেতে পারবে ফিলিস্তিন। কিন্তু এ মূহুর্তে আন্তর্জাতিক আদালতে যাওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ফিলিস্তিন।
তবে অবৈধ বসতি স্থাপন করলে ইসরায়েলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার কথা বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছে দেশটি।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এলাকায় প্রায় পাঁচ লাখ ইসরায়েলি ও ২৫ লাখ ফিলিস্তিনি বসবাস করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৭৫২ঘ.
bdnews24