২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চরমভাবাপন্ন জলবায়ুই এখন স্বাভাবিক জলবায়ু’

বিশ্বজুড়ে চরমভাবাপন্ন আবহাওয়াই বর্তমানে স্বাভাবিক আবহাওয়ায় পরিণত হয়েছে এবং এর ফলে মানবজাতি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

দোহা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে চরমভাবাপন্ন আবহাওয়াই বর্তমানে স্বাভাবিক আবহাওয়ায় পরিণত হয়েছে এবং এর ফলে মানবজাতি হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিশ্বে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বিভিন্ন দেশের মধ্যকার আলোচনা পুনরায় শুরুর উদ্দেশ্যে মঙ্গলবার দোহায় প্রায় দুইশ’ রাষ্ট্রের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। কিয়োটো চুক্তি অনুযায়ী, ২০১২ সালের মধ্যে বিশ্বের ৩৫টি উন্নত দেশের গ্রিনহাউজ গ্যাস নির্গমনের পরিমাণ কমিয়ে আনার পদক্ষেপ ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় নতুন করে আলোচনা শুরুর চেষ্টা চালাচ্ছে জাতিসংঘ। বৈঠকে বান বলেন, এ বছর আর্কটিকের বরফের স্তর রেকর্ড পরিমাণ কমে গেছে। তাছাড়া. প্রবল ঝড় ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়াও দুর্যোগের লক্ষণ। অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ভারত, ইউক্রেন থেকে ব্রাজিলসহ বিভিন্ন দেশে খরায় প্রধান খাদ্যশস্য নষ্ট হয়েছে। বান বলেন, ‘অস্বাভাবিক পরিস্থিতিই এখন স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হয়েছে। ধনী-দরিদ্র কেউই জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত নয়। আমাদের জীবনযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের অস্তিত্বেও জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’ কিয়োটো চুক্তি ব্যর্থ হওয়ায় জাতিসংঘ একটি নতুন চুক্তি প্রণয়নের উদ্যোগ নিতে যাচ্ছে যার পক্ষে ২০১৫ সালের মধ্যে বিশ্বের দেশগুলো একমত হবে বলে আশা করা হচ্ছে। এরপর ২০২০ সাল থেকে তা কার্যকর করার পরিকল্পনা করা হচ্ছে। সর্বশেষ ২০০৯ সালে কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন মোকাবেলার উদ্দেশ্যে কিয়োটো চুক্তি বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হয়ে যায়। এ চুক্তি অনুযায়ী ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে বিশ্বের সব দেশ একযোগে গ্রিনহাউজ গ্যাসের নির্গমনের মাত্রা ১৯৯০ সালের চেয়ে ৫ দশমিক ২ শতাংশ কমিয়ে আনার জন্য কাজ করার কথা ছিলা। এজন্য উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার উদ্দেশ্যে একটি সমন্বিত তহবিল গঠনের সিদ্ধান্তও নেয়া হয়। তবে উন্নত বিশ্বের বেশকিছু দেশ চুক্তিতে একমত না হওয়ায় ব্যর্থ হয়ে যায় এ পদক্ষেপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৫৫৮ঘ.