গুয়াতেমালা সিটি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার কোম্পানি ম্যাকঅ্যাফি’র প্রতিষ্ঠাতা জন ম্যাকঅ্যাফি গুয়াতেমালায় আশ্রয় নিয়েছেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় চাইবেন বলে জানা গেছে।
মঙ্গলবার তিনি বেলিজের সীমানা পার করে গুয়াতেমালায় প্রবেশ করেন।
বেলিজের সর্ববৃহৎ দ্বীপ অ্যামবারগ্রিস কায়েতে নিজের প্রাসাদোপম বাড়িতে প্রায় চার বছর ধরে বসবাস করছিলেন ম্যাকঅ্যাফি। সেখানে মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলের হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ এড়াতে গত তিন সপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছেন জন ম্যাকঅ্যাফি।
৬৭ বছর বয়সী জন ম্যাকঅ্যাফি এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
বান্ধবী সামান্থাকে নিয়ে সোমবার বেলিজের একটি হোটেলে রাত কাটানোর পরে গুয়াতেমালায় পালিয়ে যান তারা। মঙ্গলবার নিজের আইনজীবী তেলেসফোরো গুয়ের্রাসহ গুয়াতেমালার সর্বোচ্চ আদালতে হাজির হন ম্যাকঅ্যাফি।
এসময় কালো চুল ও দাঁড়িসহ কালো রংয়ের স্যুট-টাই পরিহিত ছিলেন ম্যাকঅ্যাফি। বেলিজে থাকার সময় সোনালী চুলে দেখা যেতো তাকে। কাঁধে স্থানীয় নকশার উল্কি দেখিয়ে চলাফেরা করতেই পছন্দ করতেন তিনি।
ম্যাকঅ্যাফি বলেন, ‘বেলিজে পালিয়ে আসার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, এটি বেলিজের প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় বেলিজের অভ্যন্তরীণ দুর্নীতি সম্পর্কে তাদের ভালো জ্ঞান রয়েছে। তাছাড়া গুয়াতেমালার সাবেক অ্যাটর্নি জেনারেল সামান্থার আত্মীয় এবং আইনি ব্যাপারে তিনি আমাদের সাহায্য করবেন তা জানতাম আমরা।’
গুয়াতেমালায় তার ও তার বান্ধবীর জন্য রাজনৈতিক আশ্রয়ের জন্য আদালতে তার আইনজীবী গুয়ের্রা আবেদন জানাবেন বলে জানিয়েছেন ম্যাকঅ্যাফি।
বেলিজ পুলিশের কাছে আত্মসমর্পণ করলে তাকে মেরে ফেলা হতো বলে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাকঅ্যাফি। তবে তার এ মন্তব্য প্রত্যাখ্যান করে তাকে ‘ভীতু’ ও ‘পাগল’ বলে মন্তব্য করেছেন বেলিজের প্রধানমন্ত্রী।
বেলিজে নিজের প্রাসাদোপম বাড়িতে তাকে বেশিরভাগ সময় দেহরক্ষী পরিবেষ্টিত এবং নিজের কোমড়ে পিস্তল নিয়ে ঘুরে বেড়াতে দেখা যেতো। তার কুকুরগুলোর উচ্চস্বরে ডাকাডাকি নিয়ে সবসময়ই অভিযোগ ছিলো প্রতিবেশীদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪১৯ ঘ.
bdnews24