২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল পুরস্কারের অর্থমূল্য কমছে

বর্তমানে পুরস্কারের মূল অর্থের জন্য ৪৫ কোটি মার্কিন ডলারের সংস্থান রয়েছে প্রতিষ্ঠানটির, তবে সাম্প্রতিক সময়ে আয়-ব্যয় ব্যবস্থাপনা বেশ কঠিন হয়ে পড়েছে সংস্থাটির জন্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2012, 04:53 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

স্টকহোম, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বজুড়ে মন্দার জেরে নোবেল পুরস্কারের অর্থের পরিমাণ ২০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে নোবেল কমিটি। এছাড়া বিভিন্ন ব্যয় এবং বিশ্বেজুড়ে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগের পরিমাণও কমিয়ে আনা হবে বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। এবছরের শুরুতেই নোবেল পুরস্কারের অর্থ ৮০ লাখ ক্রাউনে নামিয়ে আনার কথা জানায় নোবেল ফাউন্ডেশন। মূলতঃ ব্যয় সংকোচনের উদ্দেশ্যেই এ পদক্ষেপ নেয়ার কথা জানানো হয়। নোবেল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লারস হাইকেনস্টেন বলেন, ‘পুরস্কারের এ পরিমাণ দীর্ঘসময় ধরে একই থাকবে বলেই আশা করছি আমি। অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিবছর পুরস্কারের অর্থ বাড়ানো-কমানো উচিত হবে না।’ ব্যয় সংকোচনের উদ্দেশ্যে ইতোমধ্যে চুক্তিবদ্ধ বিভিন্ন বিমান সংস্থা, হোটেল ও রেস্তোরাঁর সঙ্গে নতুন করে আলোচনা শুরু করছে বিশ্বের সবচেয়ে সম্মানিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম নোবেল ফাউন্ডেশন। এছাড়া অতিথিদের পরিবহন খরচও কমিয়ে আনছে তারা। ডিনামাইটের উদ্ভাবক আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী শত বছরেরও বেশি সময় ধরে বিজ্ঞানের বিভিন্ন শাখা, সাহিত্য ও শান্তিতে পুরস্কার এবং বিভিন্ন অনুদান দিয়ে আসছে নোবেল ফাউন্ডেশন। বর্তমানে পুরস্কারের মূল অর্থের জন্য ৪৫ কোটি মার্কিন ডলারের সংস্থান রয়েছে প্রতিষ্ঠানটির, তবে সাম্প্রতিক সময়ে আয়-ব্যয় ব্যবস্থাপনা বেশ কঠিন হয়ে পড়েছে সংস্থাটির জন্য। হাইকেনস্টেন বলেন, ‘এটা কোনো সঙ্কট নয়, তবে এ ব্যাপারে পদক্ষেপ নেয়া দরকার বলে মনে করছি আমরা। এটা একধরনের পুনর্গঠনমূলক কার্যক্রম।’ ইতিমধ্যে ব্যয় সংকোচন ও বিনিয়োগের সিদ্ধান্তে সহায়তার জন্য উপদেষ্টা নিয়োগ করেছে নোবেল ফাউন্ডেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১০৪৭ ঘ.