সিরিয়া, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কথার প্রতিধ্বনি করে সিরিয়াকে সেদেশের জনগণের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছেন নেটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন।
ব্রাসেলসে মঙ্গলবার নেটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাসমুসেন বলেন, রাসায়নিক অস্ত্র ব্যবহার কোনোভাবেই মেনে নেয়া হবে না। সিরিয়ার বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে রাসায়নিক অস্ত্র ব্যবহার হলে এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।
এর আগে ওবামা সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, এ ধরনের পদক্ষেপ নেয়া হলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। এবার নেটো মহাসচিবও সিরিয়াকে একইভাবে হুঁশিয়ার করলেন।
দামেস্কের কাছে বিদ্রোহী এলাকাগুলোতে সিরিয়ার সরকারি বাহিনীর অবিরাম বোমাবর্ষণের পরিপ্রেক্ষিতেই প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাসমুসেনের এ সতর্কবার্তা।
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরের খবরে সেনারা সেগুলো ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে বলে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।
ব্রাসেলসে নেটো বৈঠকের শুরুতেই রাসমুসেন এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, “রাসায়নিক অস্ত্রের ব্যবহার পুরো আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই মেনে নিতে পারবে না। আর কেউ এই ভয়ঙ্কর অস্ত্রের আশ্রয় নিলে আন্তর্জাতিক সম্প্রদায় তাৎক্ষণিকভাবে এর জবাব দেবে বলেই আমি আশা করব।”
সিরিয়া পরিস্থিতি নিয়ে শঙ্কায় আছে তুরস্ক। ইতোমধ্যে বেশ কয়েকবার সিয়িান গোলা তুর্কিস্তানের সীমানায় আঘাত হেনেছে। তাই আরো বড় কোন অঘটন এড়াতে নেটোর সহায়তা চেয়েছে তারা।
সিরিয়ার সম্ভাব্য হামলা থেকে তুরস্ককে রক্ষায় তুর্কি সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের ব্যাপারে এ বৈঠকেই সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে নেটোর।
তুরস্কের ক্ষেপণাস্ত্রের আবেদনের বিষয়টি বিবেচনা করতেই ব্রাসলেসে বসেছেন নেটো পররাষ্ট্রমন্ত্রীরা।
তুর্কিস্তানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র স্থাপনের জন্য নেটোর একটি দল দেশটির বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছে বলে জানিয়েছে বিবিসি।
এই ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ার ক্ষেপাণাস্ত্র ও যুদ্ধ বিমান তুর্কিস্তানের সীমানায় প্রবেশ করতে চাইলে তা প্রতিহত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৩ঘ.
bdnews24