২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেজস্ক্রিয় দ্রব্য রপ্তানি করায় চীনা প্রতিষ্ঠানকে জরিমানা

চীনের নানজিংভিত্তিক প্রতিষ্ঠান হওক্সিং এ অভিযোগ স্বীকার করে নিয়ে জানায়, ২০০৬ ও ২০০৭ সালে পাকিস্তানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন তেজস্ক্রিয় পণ্য রপ্তানি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবৈধভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন তেজস্ক্রিয় দ্রব্য রপ্তানি করার দায়ে জরিমানা করা হয়েছে একটি চীনা কোম্পানিকে। চায়না নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি হওক্সিং কন্সট্রাকশন নামের এ প্রতিষ্ঠানটিকে ৩০ লাখ মার্কিন ডলার জরিমানার আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোনো চীনা প্রতিষ্ঠানকে অপরাধমূলক রপ্তানির দায়ে শাস্তি দেয়া হলো বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি। ১৯৯৮ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পর থেকে পাকিস্তানে পারমাণবিক দ্রব্য রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে যুক্তরাষ্ট্র। চীনের নানজিংভিত্তিক প্রতিষ্ঠান হওক্সিং এ অভিযোগ স্বীকার করে নিয়ে জানায়, ২০০৬ ও ২০০৭ সালে পাকিস্তানের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উচ্চ ক্ষমতাসম্পন্ন তেজস্ক্রিয় পণ্য রপ্তানি করা হয়। পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক সহযোগিতা চুক্তির অধীনে এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি স্থাপন করছিলো প্রতিষ্ঠানটি। রপ্তানিকৃত পণ্যসমূহ উৎপাদনকারী এবং হওক্সিয়ের সহযোগী প্রতিষ্ঠান পিপিজি ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধেও ২০১০ সালে একই ঘটনায় অভিযোগ প্রমাণিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫২০ ঘ.