২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসতি স্থাপনের সিদ্ধান্তে অটল ইসরায়েল

ঊষর পাহাড়ি অঞ্চলগুলোতে নতুন স্থাপনা তৈরি করা হলে জেরুজালেমের সঙ্গে পশ্চিম তীরের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল অধিকৃত এসব এলাকায় বসতি স্থাপনের পরিকল্পনাকে বরাবরই অবৈধ বলে আসছে পশ্চিমা দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 12:36 PM

জেরুজালেম, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়ার পরেও পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের চাপ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন হাজার নতুন ইসরায়েলি বসতি স্থাপনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল অধিকৃত এ অংশে নতুন বসতি স্থাপন করা হলে ফিলিস্তিনিদের সঙ্গে তাদের শান্তি স্থাপনের প্রতিশ্র“তি নিয়ে সন্দেহ সৃষ্টি করবে বলেও মন্তব্য করেছে দেশটি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন, সুইডেন ও ডেনমার্কে নিয়োজিত ইসরায়েলি রাষ্ট্রদূতদের বৈঠকে তলব করে একই ধরনের বার্তা দিয়েছে দেশগুলো। তবে এসব চাপের কাছে নতি স্বীকার করা হবে না বলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয় সোমবার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল তার অত্যাবশ্যকীয় স্বার্থসমূহ রক্ষার জন্য কাজ করে যাবে, এবং গৃহীত সিদ্ধান্তে কোনো পরিবর্তন হবে না।’ গত বৃহস্পতিবার জাতিসংঘ ফিলিস্তিনকে ‘পর্যবেক্ষক অঞ্চল’ থেকে ‘পর্যবেক্ষক রাষ্ট্র’ মর্যাদায় উন্নীত করার পরপরই এর প্রতিবাদে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে তিন হাজার নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইতোমধ্যে বসতি স্থাপনের উদ্দেশ্যে প্রাথমিক পরিকল্পনার কাজও শুরু হয়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বৃদ্ধি পায়। যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলের মিত্রদেশগুলোর বিরুদ্ধাচারণ করে এ ধরনের পদক্ষেপ এর আগে কখনো নেয়নি ইসরায়েল। ঊষর পাহাড়ি অঞ্চলগুলোতে নতুন স্থাপনা তৈরি করা হলে জেরুজালেমের সঙ্গে পশ্চিম তীরের যোগাযোগ বিচ্ছিন্ন হবে। ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল অধিকৃত এসব এলাকায় বসতি স্থাপনের পরিকল্পনাকে বরাবরই অবৈধ বলে আসছে পশ্চিমা দেশগুলো। এ দু’টি এলাকায় অন্ততপক্ষে পাঁচ লাখ ইহুদি ও ২৫ লাখ ফিলিস্তিনি বসবাস করে। স্পর্শকাতর ওই অঞ্চলে ইহুদি বসতি স্থাপন পরিকল্পনা শান্তি প্রতিষ্ঠায় ‘ভয়াবহ অশনি সংকেত’ বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। এছাড়াও উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলান্দ। এদিকে এ পরিকল্পনা থেকে ইসরায়েলকে সরে আসার আহ্বান জানিয়েছে ইউরোপে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ হিসেবে পরিচিত জার্মানি। ইসরায়েলের পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৬ ঘ.