কায়রো, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে প্রভাবশালী বিচারক সংগঠনের গণভোট বয়কটের মুখেও তা তদারক করতে রাজি হয়েছে দেশটির সর্বোচ্চ বিচারিক পরিষদ। সোমবার প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির এক সহযোগী একথা জানিয়েছেন।
আগামী ১৫ ডিসেম্বর মিশরের নতুন খসড়া সংবিধানের ওপর গণভোট ডাকেন মুরসি। কিন্তু মুরসির সমর্থকদের ‘চাপে’ মিশরের সর্বোচ্চ সাংবিধানিক আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় আহূত গণভোট বয়কটের ডাক দেয় দেশজুড়ে বিচারকদের প্রতিনিধিত্বকারী এবং প্রভাবশালী সংগঠন ‘দ্য জাজেস ক্লাব’।
এ পরিস্থিতির মধ্যেই সোমবার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মেনা বার্তা সংস্থা জানিয়েছে, বয়কটের এ ডাকের মুখেও সর্বোচ্চ বিচারিক পরিষদ (সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল) বলেছে, তারা গণভোট পর্যবেক্ষণ করতে প্রতিনিধি পাঠাবে।
তবে বিচারিক পরিষদ এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।
ওদিকে, মুরসির সহযোগী মোহামেদ গাদাল্লাহ বলছেন, “সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বৈঠক করে খসড়া সংবিধানের ওপর গণভোট তদারক করতে বিচারকদেরকে প্রতিনিধি হিসাবে পাঠাতে রাজি হয়েছে।”
মিশরের ঐতিহ্য অনুযায়ী দেশটির বিচারকেরা গণভোটের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন।
গাদাল্লাহ বলেন, জুডিশিয়াল কাউন্সিলই দেশে বিচারকদের সর্বোচ্চ পরিষদ। তারা দেশ ও জাতির জন্য তাদের গণভোট তদারকের দায়িত্ব উপলব্ধি করেছে। আর এর মানেই হচ্ছে বিচারকদের গণভোট বয়কটের হুমকি কেটে গেছে।
গণভোট তদারক করতে প্রায় ১০ হাজার বিচারক দরকার বলে জানান তিনি।
সাম্প্রতিক সময়ে মিশরের বিচারকরাই প্রেসিডেন্ট মুরসির সিদ্ধান্তের সবচেয়ে বেশি বিরোধিতা করে এসেছে। কিন্তু এখন বিচারকরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
‘দ্য জাজেস ক্লাব’ অনেক আগেই এর সদস্যদেরকে ভোট বয়কটের আহ্বান জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ ডাকে। ক্লাবের প্রধান আহমেদ আল জিন্দ বলেন, “যাকে ‘সাংবিধানিক ডিক্রি’ বলে বলা হচ্ছে তার প্রতিক্রিয়ায় এই প্রতিবাদ, এই ডিক্রি বাতিল না করা পর্যন্ত প্রতিবাদ চলবে।
ওদিকে, মিশরের উপরাষ্ট্রপতি মাহমুদ মেক্কি একই সময়ে অন্য এক খবরে বিচারকদের দায়িত্ব পালনের আভাস দেন।
রোববার মিশরের সাংবিধানিক পার্লামেন্টের বৈধতা নিয়ে একটি রুল জারি করার কথা ছিল দেশটির সর্বোচ্চ সাংবিধানিক আদালতের।
কিন্তু ওইদিন সর্বোচ্চ আদালতের সামনে মুরসির ইসলামপন্থি সমর্থকেরা বিক্ষোভ সমাবেশ করে বিচারকদের আদালতে প্রবেশে বাধা সৃষ্টি করে।
শনিবার রাত থেকে সর্বোচ্চ সাংবিধানিক আদালত ঘেরাও করে রাতভর বিক্ষোভ করে মুরসি সমর্থকেরা। পরদিন রোববারও তা চলে।
রাজধানী কায়রোয় এখনো চলছে বিক্ষোভ। বিরোধীদল গণভোটে অংশ নেবে কিনা তা এখনো জানায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৫ ঘ.
bdnews24