২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সুড়ঙ্গ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৯

রাজধানী টোকিও ও পশ্চিম জাপানের মধ্যে অবস্থিত প্রধান মহাসড়কের ওপর এই সুড়ঙ্গ পথটির অবস্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2012, 05:59 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের গুরুত্বপূর্ণ একটি সড়ক সুড়ঙ্গ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন-এ দাঁড়িয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। সাসাগো নামের এই সড়ক সুড়ঙ্গটির অবস্থান রাজধানী টোকিও থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে। রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ৪ দশমিক ৭ কিলোমিটার দৈর্ঘ্যের এই এই সড়ক সুড়ঙ্গটির একাংশ ধসে পড়ে বলে জানিয়েছে বিবিসি। এরআগে নিহতের সংখ্যা ৩ জন বলে জানানো হয়েছিল। ধসে পড়া ক্রংক্রিটে চূর্ণ হয়ে যাওয়া তিনটি গাড়ির ভিতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করছেন তারা। সোমবার সকালে চূর্ণ হয়ে যাওয়া একটি মাইক্রোবাস থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী বলে জানিয়েছেন তারা। এদের সবার বয়স বিশ থেকে ত্রিশের মধ্যে বলে জানিয়েছে বার্তা সংস্থা কিয়োডো। ওই গাড়িটিতে থাকা ২৮ বছর বয়সী অপর এক নারী দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। রোববার ওই নারী জানিয়েছিলেন, আরো পাঁচজনের সঙ্গে একটি ভ্যানে ছিলেন তিনি। ওই পাঁচজনের ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি আহত ও আতঙ্কিত ওই নারী। অপর একটি গাড়ি থেকে তিনটি মৃতদেহ ও একটি ট্রাক থেকে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সুড়ঙ্গটি ধসে পড়ার কারণ ও এ বিষয়ে কারো কোনো অবহেলা ছিল কি না পুলিশ তা তদন্ত করে দেখছে বলে প্রকাশিত খবরে জানা গেছে। সুড়ঙ্গ ধসে বেঁচে যাওয়া আরেকজন জানান, গাড়ি চালিয়ে টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি সামনে ছাদ থেকে কংক্রিটের চাঙড় ভেঙে পড়তে দেখেন। ওই কংক্রিটের নিচে চাপা পড়া একটি গাড়িতে আগুন ধরে যায়। এরপর প্রায় এক ঘণ্টা হেঁটে টানেল থেকে তিনি বেরিয়ে আসতে সক্ষম হন। রাজধানী টোকিও ও পশ্চিম জাপানের মধ্যে অবস্থিত প্রধান মহাসড়কের ওপর এই সুড়ঙ্গ পথটির অবস্থান। জাপানের জাতীয় সড়ক ব্যবস্থার প্রধান রুটগুলোর মধ্যে এ পথটি অন্যতম। জাপানের বড় সুড়ঙ্গ পথগুলোর মধ্যেও সাসাগো অন্যতম। এই সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, মাত্র দুইমাস আগে সুড়ঙ্গটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৫ ঘ.