২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে সুড়ঙ্গ ধসে নিহত ৩

জাপানের রাজধানী টোকিও থেকে ৮০ কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গ ধসে ৩ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2012, 03:16 AM

Updated : 24 Aug 2022, 12:35 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের রাজধানী টোকিও থেকে ৮০ কিলোমিটার দূরে একটি সুড়ঙ্গ ধসে ৩ জন নিহত হয়েছে। জাপানি সংবাদ মাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৮টার দিকে টোকিওর পশ্চিমে সাসাগো টানেল ধসে পড়ে। এর পরপরই সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সুড়ঙ্গে বহু গাড়ি আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। জাপানের এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়, ৪ দশমিক ৩ কিলোমিটার দৈর্ঘের এই সুড়ঙ্গের ভেতরে অন্তত পাঁচজন মানুষও আটকা পড়েছে। সুড়ঙ্গ থেকে ঘন কালো ধোঁয়া বের হওয়ায় উদ্ধারকাজ ব্যবহত হচ্ছে বলে জানিয়েছে বিবিসি। আবারো ধ্বসের আশঙ্কায় উদ্ধারকাজ কয়েক ঘন্টার জন্য স্থগিত রাখা হয়েছে। টানেলের বাইরে কর্তব্যরত একজন ট্রাফিক পুলিশ বলেন, “ভেতরে ঠিক কতোগুলো গাড়ি বা কতোজন মানুষ আটকা পড়েছে তা এখনো জানি না আমরা। তবে ভেতর থেকে একজন নারী বেরিয়ে আসতে পেরেছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।” ওই নারী জানিয়েছেন, আরো পাঁচজনের সঙ্গে একটি ভ্যানে ছিলেন তিনি। ওই পাঁচজনের ভাগ্যে কি ঘটেছে, বা তাদের ভ্যানের সামনে পেছনে কতোগুলো গাড়ি ছিল- সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি আহত ও আতঙ্কিত ওই নারী। সুড়ঙ্গ ধসে বেঁচে যাওয়া আরেকজন এনএইচকে-কে বলেন, গাড়ি চালিয়ে টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তিনি সামনে ছাদ থেকে কংক্রিটের চাঙড় ভেঙে পড়তে দেখেন। ওই কংক্রিটের নিচে চাপা পড়া একটি গাড়িতে আগুন ধরে যায়। এরপর প্রায় এক ঘণ্টা হেঁটে টানেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলে জানান ওই ব্যক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৬৩৭ঘ.