ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ আবারও চিকিৎসার জন্য কিউবা গেছেন। এর আগে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর কিউবাতেই তিনি দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন।
চলতি বছরের অক্টোবরে পুনর্বার প্রেসিডেন্ট নির্বাচিত হন শ্যাভেজ। আসছে জানুয়ারিতে তিনি তৃতীয়বারের মত দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানিয়েছে।
দেশটির জাতীয় পরিষদকে এক চিঠিতে শ্যাভেজ বলেন, তার আরো থেরাপি গ্রহণ করা প্রয়োজন। নির্বাচনী প্রচারণা চালানোর পরিশ্রম স্বাস্থ্য উন্নয়নে তার এই থেরাপি প্রয়োজন বলে তিনি জানিয়েছেন।
চলতি বছরের মে মাসে তিনি ক্যান্সার থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছেন বলে ঘোষণা দিয়েছিলেন।
তবে চিঠিতে তিনি আবারো ক্যান্সারে আক্রান্ত হয়েছেন কি না এ ব্যাপারে কোনোকিছু উল্লেখ করেননি।
কিন্তু শ্যাভেজের বিরোধীপক্ষ তার প্রতি স্বাস্থ্য সম্পর্কে স্বচ্ছতা এবং কিউবায় তার চিকিৎসার ধরন সম্পর্কে তথ্যপ্রকাশের আহ্বান জানিয়েছেন।
এখনো পর্যন্ত চিকিৎসার জন্য শ্যাভেজের দেশ ত্যাগ বা কিউবায় পৌঁছানোর কোনো আলোকচিত্র প্রকাশ করা হয়নি।
৫৮ বছর বয়সী শ্যাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়ার বিষয়টি ২০১১ সালের জুনে প্রকাশ করা হয়। এরপর থেকে কিউবায় তার কয়েক দফা অস্ত্রপচার হয়। চলতি বছরের প্রথম দিকে তার চিকিৎসা শেষ হয়।
মঙ্গলবার জাতীয় পরিষদে পাঠানো চিঠিতে শ্যাভেজ জানান, চিকিৎসা পরামর্শ অনুসরণ করেই তিনি আবার হাভানায় গেছেন।
১৯৯৮ সালে এই বামপন্থী নেতা প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
নির্বাচনী প্রচারণাকালে গুজব উঠেছিল, তিনি ক্যান্সার থেকে পুরোপুরি মুক্ত হননি। কিন্তু তা উড়িয়ে দিয়ে তিনি দাবি করেছেন, তিনি তার পরবর্তী ছয় বছর মেয়াদী দায়িত্ব ভালোভাবেই পালন করতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪০০ ঘ.
bdnews24