কায়রো, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ডিক্রি জারির বিরুদ্ধে কায়রোর তাহরির স্কয়ারে বুধবার ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছে শ’শ’ মানুষ। এ বিক্ষোভ-প্রতিবাদে সাড়া দিয়ে কার্যক্রম বন্ধ করেছে দেশের শীর্ষস্থানীয় দুটি আদালত।
মুরসি ডিক্রি বাতিল না করা পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন আপিল কোর্ট ও কোর্ট অব ক্যাসেশনের বিচারকরা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন।
সাংবিধানিক আদালত মুরসির ডিক্রির ব্যাপারে রায় ঘোষণা না করা পর্যন্ত আদালতের কাজ বন্ধ রাখা হবে বলে জানান তারা।
গত বৃহস্পতিবার নতুন ডিক্রি জারি করে নিজের ক্ষমতার সীমা বৃদ্ধি করেন প্রেসিডেন্ট মুরসি। এতে বলা হয়, নতুন পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত প্রেসিডেন্টের কোনো সিদ্ধান্তকে আইনিভাবে চ্যালেঞ্জ করা যাবে না।
এর পরপরই প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে মিশর এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
ক্ষমতা অধিগ্রহণ করে মুরসি আধুনিক ‘ফারাও’ হয়ে উঠছেন বলে অভিযোগ করে বিরোধিরা। ডিক্রিটির প্রতিবাদে টানা সহিংস প্রতিবাদ চলছে। এতে এ পর্যন্ত ২ জন নিহত ও প্রায় ৫শ’ জন আহত হয়েছে।
সরকারবিরোধীদের পাশাপাশি দেশটির বিচারকদের সর্বোচ্চ সংগঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলও এর আগে ধর্মঘট ডাকে। পরে সরকার পক্ষের নমনীয়তায় ধর্মঘট প্রত্যাহার হয়।
মুরসির সমর্থকদের দাবি, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারক আমলের বিচারব্যবস্থার বিরুদ্ধে বিপ্লবর অর্জন রক্ষায় এ ডিক্রির প্রয়োজন আছে।
সোমবার বিচারকদের সঙ্গে এক বৈঠকে মুরসি নতুন ডিক্রিতে তার ক্ষমতা বৃদ্ধির সুযোগ খুব কম দাবি করে সঙ্কট মেকাবেলার চেষ্টা করেন।
রাষ্ট্রের স্বার্থে শুধু ‘সার্বভৌম ইস্যুতে’ এ ডিক্রির কার্যকারিতা সীমাবদ্ধ থাকবে বলে জানান তিনি।
কিন্তু সভায় উপস্থিত বিচারকরা এতে সন্তুষ্ট হননি। তারা ডিক্রিটি পুরোপুরি বাতিলের দাবি জানান। একই দাবি জানিয়ে আসছে বিক্ষোভকারীরাও। ডিক্রি বাতিলের দাবিতে বিক্ষোভ ক্রমেই জোরদার হচ্ছে।
মিশরের রাজধানী কায়রো, আলেকআন্দ্রিয়া, সুয়েজ, মিনিয়া ও নীল নদীর অববাহিকায় অবস্থিত অন্যান্য শহরগুলোতেও মঙ্গলবার বিক্ষোভ হয়েছে।
বুধবারও কায়রোর তাহরির স্কয়ারে মুরসির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। ওদিকে, মুরসির সমর্থকরা শনিবার পাল্টা বিক্ষোভে নামার ডাক দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৯ঘ.
bdnews24